ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় স্পিনিং মিলের এক কিশোরী শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। গত শুক্রবার রাতে আড়াইহাজার উপজেলার ছনপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে।জানা গেছে, কাজে যাওয়া-আসার পথে প্রায়ই ওই কিশোরীকে (১৬) উত্ত্যক্ত করত উপজেলার পুরিন্দা এলাকার তিন বখাটে যুবক মাসুদ, ফারুক ও ইসমাইল। গত বৃহস্পতিবার রাতে কিশোরীর পরিবারের লোকজন তিন বখাটেকে ডেকে শাসিয়ে দেয়। এরপর শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ওই কিশোরী বাসযোগে কর্মস্থলে যাওয়ার পথে ছনপাড়া এলাকায় বখাটেরা তাকে বাস থেকে নামিয়ে রাস্তার পাশে একটি মাঠে নিয়ে ধর্ষণ করে। পরে অচেতন অবস্থায় তাকে তার বাড়ির সামনে ফেলে রেখে চলে যায়। আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে বখাটেরা ধর্ষণের কথা স্বীকার করেছে।