ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলছাত্রকে ছুরিকাঘাত, বিক্ষোভ
পাবনার আটঘরিয়ায় মেয়েদের উত্ত্যক্ত করার (ইভ টিজিং) প্রতিবাদ করায় গত সোমবার বখাটেদের ছুরিকাঘাতে মোশারফ হোসেন নামে এক স্কুলছাত্র আহত হয়েছে। গুরুতর অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বখাটেদের গ্রেপ্তারের দাবিতে স্কুলের ছাত্র-শিক্ষক ও এলাকাবাসী গতকাল মঙ্গলবার বিক্ষোভ করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) স্বারকলিপি দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দেবোত্তর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে সোমবার দুপুরে ক্রীড়া প্রতিযোগিতা চলছিল। এ সময় ছয়-সাতজন বখাটে যুবক মাঠে গিয়ে মেয়েদের উত্ত্যক্ত করতে থাকে। পার্শ্ববর্তী কবি বন্দে আলী মিয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মোশারফ এর প্রতিবাদ করলে বখাটেরা মাঠ থেকে চলে যায়। বিকেলে ক্রীড়া প্রতিযোগিতা শেষে মোশারফ বাড়ি ফেরার পথে বখাটেরা তাকে ব্যাপক মারধর ও ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।মোশারফের প্রতিবেশী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস মোল্লা বলেন, সদর উপজেলার মাহমুদপুর ও টেবুনিয়া এলাকার হীরক, শিমুল, সোহাগ, গিয়াসসহ একদল বখাটে এ ঘটনা ঘটিয়েছে। ইউএনও সাইদুল ইসলাম বলেন, ঘটনাটি ন্যক্কারজনক। অভিযুক্ত বখাটেদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। আটঘরিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান আলী জানান, অভিযুক্ত বখাটেরা পলাতক থাকায় গ্রেপ্তার করা যায়নি। কবি বন্দে আলী মিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন জানান, যারা ঘটনাটি ঘটিয়েছে, তারা কোনো স্কুল-কলেজের ছাত্র নয়। বখাটেপনা করাই তাদের কাজ।