ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় হামলা, তিন শিক্ষকসহ আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় জয়পুরহাট সদর উপজেলার চকগোপাল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে বুধবার ক্ষুর দিয়ে আঘাত করে জখম করেছেন তিন বখাটে। একই কারণে যশোরের মনিরামপুর উপজেলার মদনপুর সম্মিলনী ডিগ্রি কলেজে বৃহস্পতিবার সন্ত্রাসীরা মারধর করে দুই শিক্ষকসহ পাঁচজনকে আহত করেছে। জয়পুরহাট সদর থানা সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে প্রধান শিক্ষক মাসুদুর রহমান বিদ্যালয় থেকে আদর্শপাড়ার নিজ বাড়িতে যাচ্ছিলেন। জয়পুরহাট চুনাপাথর প্রকল্পের (সিমেন্ট ফ্যাক্টরি) রাস্তার পাশে আদর্শপাড়া (জালিপাড়া) গ্রামের আল-আমিন (২০) ও তার দুই সহযোগী তাঁকে লাঠি দিয়ে পেটায় এবং পরে ক্ষুর দিয়ে আঘাত করে।প্রধান শিক্ষক মাসুদুর রহমান অভিযোগ করেন, আল-আমিন তাঁর বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করছিল। প্রতিবাদ করায় তার ওপর হামলা চালায়।মনিরামপুর উপজেলার মদনপুর সম্মিলনী ডিগ্রি কলেজের এক ছাত্রী গত বৃহস্পতিবার কলেজের যাওয়ার সময় আবদুল্লাহ (৩৫) তাঁকে উত্ত্যক্ত ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। মেয়েটি কলেজে গিয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানালে কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী মুড়াগাছা বাজারে গিয়ে আবদুল্লাহর কাছে প্রতিবাদ জানান। এতে আবদুল্লাহ ক্ষিপ্ত হয়ে তাঁর কয়েকজন সহযোগীকে নিয়ে হামলা চালিয়ে শিক্ষক নূরুল ইসলাম, সজল পোদ্দার ও ছাত্র মামুন, বাবুল এবং সোহেলকে আহত করেন। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।