ইভ টিজিংয়ের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও শ্যামলীতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইভ টিজিংয়ের (উত্ত্যক্ত করা) বিরুদ্ধে গতকাল সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও শ্যামলী বাসস্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। এসব কর্মসূচিতে ইভ টিজিং নামের সামাজিক ব্যাধি দূর করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ ইভ টিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে। গতকাল সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন সাধারণ শিক্ষার্থীরাও। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি লতা রানী রায়, সাধারণ সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ প্রমুখ। শিক্ষকদের পক্ষে কাজী সাইফুদ্দিন সংহতি প্রকাশ করেন।নেতা-কর্মীরা বলেন, ‘ইভ টিজিং একটি সামাজিক ব্যাধি। তাই একে প্রতিহত করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ জন্য সরকারকেও আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।’পরে ইভ টিজিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র ইউনিয়ন।শ্যামলী বাসস্ট্যান্ডে গতকাল সকাল ১০টায় ইভ টিজিংয়ের বিরুদ্ধে গণসচেতনতা তৈরিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুহূদ সমাবেশের উদ্যোগে এই কর্মসূচিতে শ্যামলী টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়রাও অংশ নেন। মানববন্ধন চলাকালে শ্যামলী টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ এম এ সাত্তার, ন্যাপ কেন্দ্রীয় কমিটির জিয়াউদ্দিন আহমদ, পরিবেশ বিজ্ঞানী শামসুল মোমেন, সমকাল-এর সহযোগী সম্পাদক নাসির আহমেদ প্রমুখ বক্তব্য দেন।বক্তারা বলেন, ইভ টিজিংকারী কারও বন্ধু, ভাই বা স্বজন হতে পারে না। তাই সবাইকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ইভ টিজিং প্রতিরোধে অভিভাবকদের সচেতন হতে হবে। এই অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।