রংপুর কারমাইকেল কলেজের এক ছাত্রীকে ইভ টিজিংয়ের প্রতিবাদে ছাত্র ইউনিয়ন গতকাল রোববার কলেজে বিক্ষোভ সমাবেশ করেছে। পুলিশ ইভ টিজিংয়ের অভিযোগে দুই ছাত্রকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত শনিবার বিকেলে কারমাইকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও ছাত্র ইউনিয়ন কলেজ শাখার এক সদস্য কলেজ থেকে ফেরার পথে লালবাগ এলাকায় মামুন ও রাজীব নামের দুই যুবক তাঁকে উত্ত্যক্ত করে। ওই দুই যুবক কলেজের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র। মেয়েটির সহপাঠী ও ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা বাধা দিলে রাজীব ও মামুনের নেতৃত্বে বখাটেরা তাঁদের ওপর হামলা চালায়। এতে ছাত্রসংগঠনটির কলেজ শাখার সাধারণ সম্পাদক মুফিক আলম, সৌরভ, সুদেব চন্দ্র রায়, রাতুল জামান ও আশিক মাহমুদ আহত হন। এ সময় ক্ষুব্ধ জনগণ উত্ত্যক্তকারী মামুন ও রাজীবকে আটক করে পুলিশে দেয়। ঘটনার প্রতিবাদে ও দোষী বখাটেদের শাস্তির দাবিতে গতকাল সংগঠনটি কলেজে বিক্ষোভ সমাবেশ করে। এতে বক্তব্য দেন সংগঠনের কলেজ শাখার সভাপতি মাহমুদ হোসেন, ইশতিয়াকুর রহমান প্রমুখ। কোতোয়ালি থানার পরিদর্শক গোলাম মাহফুজ জানান, ছাত্র ইউনিয়নের নেতা বকুল চন্দ্র বাদী হয়ে ওই দুই যুবকের বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেপ্তার হওয়া যুবকদের গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।