ইভ টিজিংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়তে হবে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইভ টিজিং প্রতিরোধে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষাপ্রতিষ্ঠানে ইভ টিজিং প্রতিরোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠক থেকে মন্ত্রী এ আহ্বান জানান বলে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, কেবল আইনের মাধ্যমে এ ধরনের সামাজিক ব্যাধির প্রতিকার সম্ভব নয়। এ জন্য প্রয়োজন ইভ টিজিং-বিরোধী ব্যাপক সামাজিক সচেতনতা ও সামাজিক প্রতিরোধ।

সভাপতিত্বকালে শিক্ষামন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে, এমনকি শহরেও স্কুল-কলেজগামী ছাত্রীদের ওপর উত্ত্যক্তকারী সন্ত্রাসীদের সশস্ত্র হামলার খবর অভিভাবকদের বিচলিত করে। সরকারের কার্যকর পদক্ষেপের ফলে ছাত্রীদের ওপর সহিংসতার ঘটনা অনেক কমে এসেছে। তবে এখনো পত্রপত্রিকায় সন্ত্রাসীদের হাতে ছাত্রী লাঞ্ছনার খবর তাঁদের উদ্বিগ্ন করে। অভিভাবকেরা মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়ে ভয়াবহ মানসিক দুশ্চিন্তায় থাকেন। অসহনীয় পরিস্থিতিতে অনেক ক্ষেত্রে মেয়েদের লেখাপড়া বন্ধ করে দেওয়ার খবরও পাওয়া যায়।
বৈঠকে শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইনসহ মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও ঢাকা শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে শিক্ষামন্ত্রী আজ মাদারীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে টেলিফোন করে ওই জেলার নবগ্রাম উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নিতু মণ্ডলের হত্যাকারীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলেও মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়।