ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের আহ্বান শিক্ষামন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ইভটিজিং প্রতিরোধে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।
শিক্ষাপ্রতিষ্ঠানে ইভটিজিং প্রতিরোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠক থেকে শিক্ষামন্ত্রী এই আহ্বান জানান বলে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তিনি বলেন, কেবল আইনের মাধ্যমে এ ধরনের সামাজিক ব্যাধির প্রতিকার করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন ইভটিজিংবিরোধী ব্যাপক সামাজিক সচেতনতা ও সামাজিক প্রতিরোধ।
বৈঠকে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে এমনকি শহর এলাকাতেও স্কুল, কলেজগামী ছাত্রীদের ওপর উত্ত্যক্তকারী সন্ত্রাসীদের সশস্ত্র হামলার খবর অভিভাবকদের বিচলিত করে। সরকারের কার্যকর পদক্ষেপের ফলে ছাত্রীদের ওপর সহিংসতার ঘটনা অনেক কমে এসেছে। তবে এখনো পত্রপত্রিকায় সন্ত্রাসীদের হাতে ছাত্রী লাঞ্ছনার খবর তাঁদের উদ্বিগ্ন করে। অসহনীয় পরিস্থিতিতে অনেক ক্ষেত্রে মেয়েদের লেখাপড়া বন্ধ করে দেওয়ার খবরও পাওয়া যায়।
বৈঠকে শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং ঢাকা শিক্ষাবোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।