কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আমিন উর রশিদ বলেছেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করলে বিএনপি তাতে অংশ নেবে না। কুমিল্লা টাউন হলে গতকাল শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমিন উর রশিদ বলেন, নির্বাচন কমিশন ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত বাতিল না করলে নির্বাচনের দিন পর্যন্ত বিএনপি টানা কর্মসূচি চালিয়ে যাবে। একই সঙ্গে সিটি এলাকার বিভিন্ন পয়েন্টে ইভিএমে ভোট কারচুপির নমুনা প্রজেক্টরের মাধ্যমে ভোটারদের কাছে তুলে ধরা হবে। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া ইভিএমের বিপক্ষে অবস্থান নিয়েছেন। আমরাও একই অবস্থানে আছি।’বিএনপির নেতার দাবি, ইভিএম পদ্ধতির মাধ্যমে কারিগরি ছলচাতুরি করে একজন ব্যক্তি একাধিক ভোট দিতে পারবে। তাই অবাধ, নিরপেক্ষ ও অর্থবহ নির্বাচন নিশ্চিত করতে হলে এ পদ্ধতি বাতিল ও সেনা মোতায়েন করতে হবে।সংবাদ সম্মেলনে আমিন উর রশিদ জানান, শনিবার (আজ) রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে ইভিএমের ব্যবহার বাতিল ও সেনা মোতায়েনের দাবিতে স্মারকলিপি দেবে জেলা বিএনপি। তিনি জানান, ৩০ নভেম্বরের মধ্যে দাবি মানা না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী, সাবেক সাংসদ মাহবুবুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, শহর বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা যুবদলের সভাপতি আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, শহর যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি উৎবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক নিজামউদ্দিন কায়সার।তবে সংবাদ সম্মেলনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও আরেক সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মনিরুল হক সাক্কু, তাঁর অনুসারী জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন না।