ইভিএম নিরাপদ নয়: বিএনপি
ইভিএম মেশিনের মাধ্যমে ভোট কারচুপি করে ফলাফল বদলে দেওয়া যায়। এ কারণে নির্বাচনে এই মেশিনের ব্যবহার নিরাপদ নয় বলে মনে করে বিএনপি।গতকাল মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমের (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) ব্যবহার বিএনপি মানবে না। এই মেশিন ব্যবহার করা হলে বিএনপি সেই নির্বাচনে অংশও নেবে না।বিএনপি এই দাবির কথা কমিশনকে জানাবে কি না, এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। তাদের মেয়াদও শেষ। তাদের সঙ্গে কোনো বিষয় নিয়ে বিএনপি আলোচনা করবে না।নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নয়টি কেন্দ্রে ভোট গ্রহণে ইভিএম ব্যবহূত হবে। এ ক্ষেত্রে বিএনপির ভূমিকা কী হবে—এ প্রশ্নের জবাবে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলতে চাই, জাতীয় নির্বাচনে ইভিএম কোনো উপযোগী ও নিরাপদ ব্যবস্থা নয়। তাই এটা আমরা মেনে নিতে পারছি না। তবে স্থানীয় সরকার নির্বাচন একটি অরাজনৈতিক নির্বাচন। সে জন্য ওই নির্বাচনের বিষয়টি স্থানীয় ইউনিট সিদ্ধান্ত নেবে। এটা তাদের বিষয়।’আরেক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সংবিধান কোনো বাইবেল নয়। দেশের মানুষের জন্য সংবিধান ও আইন প্রণীত হয়। তাই দেশের মানুষ না চাইলে তা আইনে থাকতে পারে না। মানুষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। এটা সরকারকে উপলব্ধি করতে হবে।সংবাদ সম্মেলনে বড় পর্দায় ইভিএমের নানা দিক তুলে ধরে তথ্যচিত্র প্রদর্শন করেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি শামা ওবায়েদ। তাঁকে সহায়তা করেন ক্যাপ্টেন (অব.) মো. সালাউদ্দিন।শামা ওবায়েদ বলেন, জার্মানি, আমেরিকা, ভারতসহ অনেক দেশে ইভিএম মেশিন নিয়ে বিতর্ক হওয়ায় সেখানে এই মেশিনের ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, জার্মান আদালত ২০০৯ সালে এক রায়ে বলেছে, ইভিএম মেশিন খুব সহজেই টেম্পারিং করা সম্ভব। এতে ভোট পুনর্গণনার সুযোগ নেই। তাই জার্মান আদালত ওই মেশিনের ব্যবহার নিষিদ্ধ করেছে।