ইভিএম নির্বাচন প্রক্রিয়াকে সহজ করেছে: ছহুল
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেছেন, ‘নির্বাচন কমিশন সব সময় স্বাধীন মনোভাব নিয়ে কাজ করে আসছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌর নির্বাচন সম্পন্ন করে প্রমাণ করেছে, নির্বাচন কমিশন কোনো সময় রাজনৈতিক দলের প্রভাবে প্রভাবিত হয়নি। সব সময় একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে। ইভিএম পদ্ধতি নির্বাচন-প্রক্রিয়াকে অনেক সহজ করেছে।’ গতকাল মঙ্গলবার সকালে সিলেটের গোলাপগঞ্জে সার্ভার স্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সার্ভার স্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট বিভাগীয় নির্বাচন কর্মকর্তা আবুল কাসেম, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাছুম বিল্লাহ, আমুড়া ইউপি চেয়ারম্যান আছদ্দর আলী জালালী প্রমুখ। নির্বাচন কমিশনার বর্তমান নির্বাচন পদ্ধতির পরিবর্তনগুলোর বিস্তারিত বর্ণনা দেন। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, ‘দেশের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচনকেন্দ্র ছিল নারায়ণগঞ্জ। কিন্তু সেখানেও আমরা দেশবাসীকে একটি অবাধ নির্বাচন উপহার দিয়েছি।’