ইভিএম নিয়ে বিরূপ প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নবগঠিত এলেঙ্গা পৌরসভা নির্বাচন আগামী বৃহস্পতিবার। এই নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এই পদ্ধতি টাঙ্গাইলে এবারই প্রথম। আজ সোমবার পরীক্ষামূলকভাবে ইভিএমের মাধ্যমে (মগ ভোটিং) ভোট গ্রহণ করা হবে। এ জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।তবে ইভিএম নিয়ে প্রার্থী ও ভোটারদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নির্বাচনে ‘ডিজিটাল কারচুপি’র আশঙ্কা করছেন বিরোধী দল-সমর্থিত প্রার্থীরা।পৌরসভা সূত্র জানায়, নির্বাচনে মেয়র পদে পাঁচজন, তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভায় নয়টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। ভোটার ২৭ হাজার ৩২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৩২৪ জন ও নারী ভোটার ১৪ হাজার চারজন।মেয়র পদপ্রার্থীরা হলেন আওয়ামী লীগ-সমর্থিত গোলাম মোহাম্মদ খান (কাপ-পিরিচ), বিএনপি-সমর্থিত শাফী খান (আনারস), বিএনপির বিদ্রোহী প্রার্থী এস এম সফিকুল ইসলাম তালুকদার (চশমা), কৃষক শ্রমিক জনতা লীগ-সমর্থিত আতিকুর রহমান (তালা) ও উপজেলা কৃষক লীগের আহ্বায়ক জমির উদ্দিন (দোয়াত-কলম)।নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম জানান, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এখানে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। প্রার্থীদের দাবি অনুযায়ী ইভিএম পদ্ধতিতে নির্বাচন যাতে শতভাগ স্বচ্ছ হয়, সে বিষয়টি নিশ্চিত করা হবে। তবে পদ্ধতিটি নতুন হওয়ায় ভোটারদের অবগত করতে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে প্রজেক্টরে তা দেখানো হচ্ছে। এ ছাড়া ইভিএম পদ্ধতির সফল বাস্তবায়নের জন্য আজ সোমবার মগ ভোটিং করা হবে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল বাশার জানান, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিস্ট্রেট, র‌্যাব, পুলিশ ও আনসার মোতায়েন থাকবে।ব্যবসায়ী সিদ্দিকুর রহমান জানান, এ নির্বাচন আওয়ামী লীগ ও বিএনপির মর্যাদার লড়াইয়ে পরিণত হয়েছে। কারণ, এলেঙ্গা থেকেই মূলত কালিহাতীর রাজনীতি নিয়ন্ত্রিত হয়। এই নির্বাচন আগামী সংসদ নির্বাচনেও প্রভাব ফেলবে। তবে ভোটাররা ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ নিয়ে নানা শঙ্কায় রয়েছেন। স্কুলশিক্ষক শফিকুল ইসলাম বলেন, ‘নতুন পৌরসভা নির্বাচন নিয়ে আমাদের আগ্রহের কমতি নেই।’ তবে ইভিএম সম্পর্কে তিনি বলেন, এ ব্যাপারে সাধারণ ভোটাররা অনভিজ্ঞ। এর মাধ্যমে ডিজিটাল কারচুপির আশঙ্কা রয়েছে। ইভিএম সম্পর্কে শাফী খান বলেন, ‘আওয়ামী লীগের লোকজন ছাড়া সবাই ইভিএমের বিপক্ষে। এত স্বল্প সময়ে নতুন এই পদ্ধতি সম্পর্কে সবাইকে সচেতন করা সম্ভব নয়। এ পদ্ধতি জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে ফলাফল ঘুরিয়ে দেওয়া হতে পারে বলে আশঙ্কা করছেন সাধারণ ভোটাররা। তবে কোনো রকম কারচুপির আশ্রয় নেওয়া হলে যেকোনো মূল্যে তা প্রতিরোধ করবে সাধারণ মানুষ। সফিকুল ইসলাম তালুকদার বলেন, ‘ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ সরকারি সিদ্ধান্ত। বাধ্য হয়েই মেনে নিতে হচ্ছে। এ নিয়ে আন্দোলন করারও সময় নেই। তবে হঠাৎ করে ইভিএম চাপিয়ে দেওয়া মোটেও উচিত হয়নি। সাধারণ মানুষ ইভিএম নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। তাঁরা কারচুপির আশঙ্কা করছেন। আমিও তাঁদের সঙ্গে একমত।’এ ব্যাপারে গোলাম মোহাম্মদ খান জানান, বর্তমানে উন্নত প্রযুক্তি হিসেবে ইভিএম পদ্ধতিটি খুবই ভালো ও সহজ। এতে সময় অনেক কম লাগবে, গণনা করতেও সহজ হবে। সিলের ক্ষেত্রে অনেক সময় ভোট নষ্ট হয়, কিন্তু এ পদ্ধতিতে সেই সুযোগ নেই। এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বলে জানান তিনি।