ইভিএম নিয়ে শঙ্কায় প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল শনিবার টাঙ্গাইলের নবগঠিত বাসাইল পৌরসভা নির্বাচন। এ নির্বাচন ঘিরে বাসাইলে উৎসবের আমেজ বিরাজ করছে। শেষ মুহূর্তে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। প্রতিটি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। তবে এ নিয়ে বেশির ভাগ প্রার্থী জানিয়েছেন তাঁদের শঙ্কা ও সংশয়ের কথা। বাসাইল পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ভোটার ১৪ হাজার ৩২৯ জন। এর মধ্যে পুরুষ ছয় হাজার ৮৫১ এবং নারী সাত হাজার ৪৭৮ জন। নির্বাচনে মেয়র পদে ছয়জন, তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন এবং নয়টি সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে আওয়ামী লীগের সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাসাইল মহিলা কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মশিউর রহমান খান, বিএনপির সমর্থনে প্রার্থী হয়েছেন দলের উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বাসাইল কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) এনামুল করিম, কৃষক শ্রমিক জনতা লীগের সমর্থন পেয়েছেন দলের অঙ্গসংগঠন যুব আন্দোলনের বাসাইল উপজেলা শাখার সভাপতি রাহাত হাসান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতের সাবেক নেতা ও বাসাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান। এ ছাড়া বাসাইল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছানোয়ার হোসেন খান এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি ওহিদুল ইসলাম দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এ দুজনের তেমন তৎপরতা চোখে পড়ছে না। নির্বাচনের নয়টি কেন্দ্রের সব কটিতে ইভিএমে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাসাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা হাবিবা আখতার। বিএনপি-সমর্থিত প্রার্থী এনামুল করিম ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণে কারচুপির আশঙ্কা প্রকাশ করে বলেন, সরকারি দল তাদের সমর্থিত প্রার্থীর পক্ষে কারচুপির জন্যই এ পদ্ধতিতে ভোট গ্রহণের ব্যবস্থা করেছে। কৃষক শ্রমিক জনতা লীগ-সমর্থিত প্রার্থী রাহাত হাসান বলেন, ‘ইভিএম সফলভাবে ব্যবহার করতে পারলে ভালো। তবে প্রযুক্তি ব্যবহার করে ভোটের কারচুপি যে হবে না, তার নিশ্চয়তা কে দেবে।’ স্বতন্ত্র প্রার্থী মজিবর রহমান বলেন, ইভিএম নতুন প্রযুক্তি। এ সম্পর্কে মানুষের ধারণা নেই। অনেকেই ভোট দিতে ভুল করতে পারে। আবার কারচুপি করলেও কোনো প্রমাণ থাকবে না। তবে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মশিউর রহমান খান বলেন, ইভিএমের মতো উন্নত প্রযুক্তিতে ভোট গ্রহণ করলে ভোট নষ্ট হবে না। দ্রুত ফলাফল ঘোষণা করা যাবে। প্রার্থীদের শঙ্কা ও সংশয় উড়িয়ে দিয়ে রিটার্নিং কর্মকর্তা ও বাসাইলের ইউএনও শাহীন আরা বেগম বলেন, ইভিএমের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।