ইভিএম বাতিলের দাবিতে আমিনের স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমের ব্যবহার বাতিল ও সেনা মোতায়েনের দাবিতে রিটার্নিং কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আমিন উর রশিদ।গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেনের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে নির্বাচন কমিশনের কাছে ইভিএম ব্যবহার না করার সুস্পষ্ট ঘোষণা দেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে জনগণ প্রহসনের ওই নির্বাচন বর্জন করলে এর পরিণতির দায় কমিশনকে বহন করতে হবে বলেও উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, ইভিএমে কারচুপির যথেষ্ট সুযোগ রয়েছে। ইভিএমের মতো একটি বিতর্কিত পদ্ধতি জনগণের ওপর চাপিয়ে দেওয়া কোনোভাবেই ঠিক নয়। জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন জানান, ‘স্মারকলিপি পেয়েছি। নির্বাচন কমিশন সচিবালয়ে রোববার (আজ) এটি পাঠিয়ে দেওয়া হবে।’ গতকাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন সাবেক সাংসদ মাহবুবুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, শহর বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ।এর আগে গত শুক্রবার কুমিল্লা টাউন হলে এক সংবাদ সম্মেলনে আমিন উর রশিদ জানান, নির্বাচনে ইভিএম ব্যবহার করলে বিএনপি তাতে অংশ নেবে না।ছুটির দিনে মনোনয়নপত্র বিক্রি সিটি নির্বাচনে শুক্র ও গতকাল শনিবার তিনটি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। শুক্রবার সংরক্ষিত কাউন্সিলর পদে দুটি এবং গতকাল সাধারণ কাউন্সিলর পদে একটি মনোনয়নপত্র বিক্রি হয়। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানায়, এ নিয়ে তফসিল ঘোষণার পর মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে মোট ২০২ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। এদিকে গতকাল সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক শহরের ২৬ নম্বর ওয়ার্ডে জনসভা করতে গেলে নির্বাচন কর্মকর্তারা বাধা দেন।শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার আহমেদ সেলিম শহরে সভা করার চেষ্টা করলে তাঁকেও বাধা দেওয়া হয়। পরে উভয় প্রার্থী এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেন। রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন বলেন, ‘নির্বাচনের ২১ দিন আগে কেউ প্রচারণা চালাতে পারবেন না। ওনারা দুজনই কথা দিয়েছেন ওই আচরণবিধি মানবেন।’আগামী ৫ জানুয়ারি নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।