প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, আগামী সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পরিকল্পনা আছে কমিশনের। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য বৃহত্তর পরিসরে প্রকল্প তৈরি করা হচ্ছে।গতকাল বুধবার বিকেলে রাজধানীর র্যাডিসন হোটেলে আন্তর্জাতিক সাহায্য সংস্থা ‘দি এশিয়া ফাউন্ডেশন’ আয়োজিত ২০১১ সালের ইউপি নির্বাচনের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা না গেলেও প্রকল্পের অর্থের অপচয় হবে না। কারণ স্থানীয় সরকার নির্বাচনে তা ব্যবহার করা যাবে। তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো পরীক্ষামূলক ইভিএম ব্যবহারের পক্ষে মত দিয়েছে। আমাদের পরিকল্পনা আছে পর্যায়ক্রমে এটি ব্যবহার করার। দেখি, কতটুকু যেতে পারি।’ পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, কমিশন প্রথমে নারায়ণগঞ্জ, তারপর কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করবে। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনও বক্তব্য দেন।বেসরকারি সংস্থা ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি) এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় ৩০০ ইউপির নির্বাচন পর্যবেক্ষণ করে ওই প্রতিবেদন তৈরি করেছে। ফাউন্ডেশনের উপ-দেশীয় প্রতিনিধি সায়মা আনোয়ার অনুষ্ঠানে প্রতিবেদনটি উপস্থাপন করেন।প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালের ইউপি নির্বাচনকে সার্বিকভাবে একটি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন বলে গণ্য করা যায়। নির্বাচন-প্রক্রিয়া ও নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা এবং গ্রহণযোগ্যতা বৃদ্ধির ক্ষেত্রে এই নির্বাচন বিশেষ ভূমিকা রাখবে। তিনি বলেন, পর্যবেক্ষণ করা ৩০০ ইউপির ৯০০ সংরক্ষিত আসনে দুই হাজার ৯৯০ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করেন, যা নারীর ব্যাপক অংশগ্রহণের সূচক বলা যায়।পর্যবেক্ষণ করা ইউনিয়নের মাত্র ১৮ শতাংশ এলাকা থেকে ভোটারদের প্রভাবিত করতে প্রার্থীর উপহার বা টাকা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ৪০ শতাংশ এলাকায় প্রার্থীরা নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাস দিয়েছেন। ৯১ শতাংশ কেন্দ্রে কোনো প্রার্থী বা তাঁর সমর্থকেরা আক্রমণ বা বৈরী ঘটনার সম্মুখীন হননি। এসব এলাকায় স্থানীয় প্রশাসন কঠোরভাবে নিরপেক্ষতা বজায় রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একরামুল হক এই প্রতিবেদনকে রক্ষণাত্মক ও প্রশাসনের সমর্থক বলে উল্লেখ করেন। তিনি নিজ এলাকা ময়মনসিংহে নির্বাচনে টাকার ছড়াছড়ি, প্রার্থী ও সমর্থকদের আচরণবিধি ভঙ্গ করা, সরকারি দলের স্থানীয় সাংসদ ও নেতাদের প্রভাব বিস্তারের ঘটনা উল্লেখ করেন। নির্বাচনী সহিংসতায় হতাহতের কোনো তথ্য না থাকায় একজন সাংবাদিক প্রতিবেদন নিয়ে প্রশ্ন তোলেন।স্থানীয় সরকারবিষয়ক গবেষক বদিউল আলম মজুমদার ইউপি নির্বাচন প্রথম পর্যায়ে শান্তিপূর্ণ হলেও দ্বিতীয় পর্যায়ে সহিংস হয়েছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, এবার নির্বাচনী অপরাধের ধরনও পাল্টে গেছে। অনুষ্ঠানে ইউএসএআইডির একজন প্রতিনিধি নির্বাচন পর্যবেক্ষণে কত নারী অংশ নিয়েছেন জানতে চাইলে আয়োজকেরা উত্তর দিতে পারেননি।প্রধান নির্বাচন কমিশনার ইডব্লিউজির প্রতিবেদনকে গ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। নির্বাচনে সহিংসতার উল্লেখ করে তিনি বলেন, ‘আগের নির্বাচনের সঙ্গে তুলনা করলে জানতে পারব আমরা পিছিয়েছি, না সামনে এগিয়েছি।’ নির্বাচনে টাকার ব্যবহার প্রসঙ্গে সিইসি বলেন, ভারতকে গণতন্ত্রের মডেল বলে বিবেচনা করা হয়। সেখানেও এটাকে নিয়ন্ত্রণ করতে পারা যাচ্ছে না। বাংলাদেশে এটাকে একেবারে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।যোগ্য প্রার্থী নির্বাচনে অবস্থার ব্যাপক পরিবর্তন এসেছে বলে মন্তব্য করে সিইসি বলেন, এ ক্ষেত্রে ভোটারদের আরও বেশি উদ্বুদ্ধ করতে হবে, সচেতন করতে হবে। অনুষ্ঠানে এশিয়া ফাউন্ডেশনের এ দেশীয় প্রতিনিধি হাসান মজুমদার, ইডব্লিউজির কো-চেয়ার আবদুল আউয়াল, তালেয়া রেহমান, নাজমুল আহসান কলিমুল্লাহ, নাগরিক সমাজ ও দাতা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।