ইভিএম ব্যবহার অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ, ইভিএমের জন্য যথাসময়ে ব্যাটারি আমদানি করা যাবে কি না, তা এখন অনিশ্চিত।ইসির সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুটি করে ওয়ার্ডে এক হাজার ইভিএম ব্যবহার করার কথা। এ জন্য ১ এপ্রিল ইসি থেকে সরকারের মেশিন টুলস ফ্যাক্টরিকে প্রশিক্ষণ ও পরীক্ষামূলক ভোটের জন্য ১০০ ইভিএম আগামী ২ মে এবং ভোট গ্রহণের জন্য এক হাজার ইভিএম ১৫ মের মধ্যে ব্যবহারের উপযোগী করে তৈরি রাখতে বলা হয়েছে। জবাবে গত বৃহস্পতিবার মেশিন টুলস ফ্যাক্টরি থেকে চিঠি দিয়ে ইসিকে জানানো হয়, ঢাকার দুই সিটির নির্বাচনে ইভিএম ব্যবহার করতে হলে ব্যাটারি আমদানির জন্য ১০ এপ্রিলের (আগামীকাল মঙ্গলবার) মধ্যে ঋণপত্র (এলসি) করতে হবে। ব্যাটারি জাহাজে আনা হলে তা ঢাকা এসে পৌঁছাবে ১০ জুন এবং উড়োজাহাজে করে আনা হলে পৌঁছাবে ১৭ মের মধ্যে। মেশিন টুলস ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে কর্নেল আলাউদ্দিন আল মামুন স্বাক্ষরিত এই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঢাকার দুই সিটির নির্বাচনে ইভিএম ব্যবহারে ৮০ লাখ ২৪ হাজার ৫০০ টাকা ব্যয় হবে।কিন্তু সিটি করপোরেশন নির্বাচনী আইন অনুযায়ী আগামী ২৯ মের মধ্যে ঢাকার দুই সিটিতে নির্বাচন করতে হবে। এ জন্য ইসি সচিবালয় যে খসড়া সময়সূচি তৈরি করেছে, তাতে ২৪ মে ভোট গ্রহণের দিন ধার্য করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ১৭ মের মধ্যে ব্যাটারি আমদানি সম্ভব হলেও ভোট গ্রহণের আগে ইভিএম ব্যবহারের উপযোগী করে তৈরি করা সম্ভব হবে না। তা ছাড়া ১৭ মে বা এরপর ব্যাটারি এসে পৌঁছালেও ভোট গ্রহণ কর্মকর্তা বা ভোটারদের জন্য প্রশিক্ষণের আয়োজন করা সম্ভব হবে না। আর প্রশিক্ষণ এবং পরীক্ষামূলক ভোট ছাড়া চূড়ান্ত ভোট গ্রহণের দিন ইভিএম ব্যবহার করা সঠিক হবে না বলে তাঁরা মনে করেন। সূত্র জানায়, আজ কমিশনের বৈঠকে মেশিন টুলস ফ্যাক্টরির চিঠিটি উপস্থাপন করা হবে।এ বিষয়ে গতকাল রোববার ইসি সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক প্রথম আলোকে বলেন, ‘ইভিএমের ব্যবহার নিয়ে এক ধরনের সমস্যা দেখা দিয়েছে। এ বিষয়ে আমরা কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’ ইসি এর আগে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার করেছিল। ইসি তখন সরাসরি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি ইনস্টিটিউটের (আইআইসিটি) মাধ্যমে ইভিএমের ব্যাটারি আমদানি করে। সূত্র জানায়, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর বুয়েটের মাধ্যমে ব্যাটারি কেনা আইনসিদ্ধ নয় বলে অভিমত দেয়। নির্বাচন কমিশনার আবদুল মোবারক এই বলে অভিমত দেন যে গণ খাতে ক্রয় আইন অনুসরণ না করে আগের কমিশন দায়িত্বে অবহেলা করেছে। যে কারণে বর্তমান কমিশন গণ খাতে ক্রয় আইন অনুসারে ব্যাটারি আমদানির সিদ্ধান্ত নেয় এবং দায়িত্বটি সরকারের মেশিন টুলস ফ্যাক্টরিকে দেয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বর্তমান কমিশন এই সিদ্ধান্তটি নেওয়ার ক্ষেত্রে বেশি বিলম্ব করে ফেলেছে।