ইভিএম ব্যবহার অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্র-নিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ, কমিশন যথাসময়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ব্যবহারের উপযোগী ইভিএম পায়নি। তাই নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় থেকে আগাম প্রস্তুতি হিসেবে এই নির্বাচন পুরো ব্যালট পেপারে করার জন্য প্রয়োজনীয়সংখ্যক ব্যালট পেপার ছাপানোর নির্দেশনা দেওয়া হয়েছে।২০ ডিসেম্বর এই নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। গত ৫ নভেম্বর তফসিল ঘোষণার সময় নির্বাচন কমিশন থেকে এই নির্বাচনেও সীমিত পরিসরে ইভিএম ব্যবহারের কথা বলা হয়েছিল। কমিশন সচিবালয় সূত্র জানায়, তফসিল ঘোষণার পর ইসি স্থানীয়ভাবে উৎপাদিত ব্যাটারি দিয়ে ইভিএম চালানোর পক্ষে মত দেয়। কিন্তু বুয়েট থেকে জানানো হয়, দেশীয় ব্যাটারি ব্যবহার করা হলে তা হবে ঝুঁকিপূর্ণ। এ ছাড়া ইসির কাছে বুয়েটের পাওনা বিল নিয়েও জটিলতা রয়েছে। যে কারণে বুয়েট থেকে যথাসময়ে ব্যবহারের উপযোগী ইভিএম পাওয়া যায়নি।শুরু থেকেই ইভিএম তৈরির ব্যাপারে ইসি বুয়েটের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইনস্টিটিউটের প্রযুক্তি এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) কারিগরি সহযোগিতা নেয়। বুয়েটের সরবরাহ করা ইভিএম চট্টগ্রাম, কুমিল্লা, নারায়ণগঞ্জসহ আরও কয়েকটি স্থানীয় নির্বাচনে সীমিত আকারে ব্যবহার করা হয়।জানতে চাইলে গতকাল সোমবার রংপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এই নির্বাচনে ইভিএম ব্যবহারের ব্যাপারে ইসি থেকে এখনো কোনো নির্দেশনা দেওয়া হয়নি।’কমিশন সচিবালয়ের কর্মকর্তারা জানান, ইভিএম ব্যবহারের আগে প্রচারণা ও মক ভোটের (পরীক্ষামূলক) জন্য যে সময়ের দরকার, সেই সময় এখন আর ইসির হাতে নেই। যে কারণে ইভিএম ব্যবহার না করার বিষয়টি অনেকটাই নিশ্চিত।তবে নির্বাচন কমিশনার আবু হাফিজ ইভিএম ব্যবহারের ব্যাপারে আশাবাদী। তিনি গতকাল সাংবাদিকদের বলেন, অন্তত একটি ওয়ার্ডে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত এখনো কমিশনের আছে।