ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত সঠিক: ফখরুল
দশম জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করতে নির্বাচন কমিশনের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তাঁরা আগে থেকেই বলে আসছেন ইভিএমে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সম্ভব নয়। তাই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত সঠিক হয়েছে বলে তাঁরা মনে করেন।গতকাল সোমবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও নেত্রকোনা জেলা বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি বলেন, দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ সঠিক হবে না। তিনি কমিশনের এই উদ্যোগকে ভুল উল্লেখ করে বলেন, দলীয় সরকারের অধীনে এ দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হবে।মির্জা ফখরুল বলেন, ঈদের পর দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করা হবে। দাবি আদায়ের আন্দোলন ধাপে ধাপে জোরদার করা হবে।মির্জা ফখরুল প্রথমে ড্যাব নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দেন। তাঁর সঙ্গে ছিলেন ড্যাবের সভাপতি এ কে এম আজিজুল হক ও সাধারণ সম্পাদক এ জেড এম জাহিদ হোসেন। পরে মির্জা ফখরুল নেত্রকোনা জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির নেতাদের সঙ্গে দলের প্রতিষ্ঠাতার কবরে ফুল দেন।ছাত্রদলের দুই পক্ষের মারামারি: জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে এসে মারামারিতে জড়িয়ে পড়েন ছাত্রদলের ধানমন্ডি থানা ও তেজগাঁও কলেজ শাখার কিছু নেতা-কর্মী। প্রত্যক্ষদর্শীরা জানান, কবরে শ্রদ্ধা নিবেদনের পর ছাত্রদলের দুই পক্ষের কর্মীদের মধ্যে মারামারি শুরু হয়। প্রায় আধা ঘণ্টা চলে এই মারামারি। এতে তেজগাঁও কলেজ ছাত্রদলের কর্মী হাবিব, শিমুল ও প্রিন্স এবং ধানমন্ডি থানা ছাত্রদলের সেতু ও রিয়াদ আহত হন।