আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের আগে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন করতে হবে। একই সঙ্গে এ বিষয়ে দেশের জনগণকে সচেতন করতে হবে। গতকাল শনিবার নির্বাচন কমিশনের নির্বাচনী আইন সংস্কারসংক্রান্ত সংলাপ অনুষ্ঠানে এ মত দেন দেশের বিশিষ্ট নাগরিক ও গণমাধ্যমের ব্যক্তিরা।সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেন, নির্বাচনে ইভিএম ব্যবহার করতে হলে জনগণকে ধারণা দিতে হবে এবং রাজনৈতিক দলগুলোর সম্মতি নিতে হবে। তবে দলগুলো যদি আপত্তি জানায়, তাতেও কমিশন এ কাজ থেকে সরে যাবে না। প্রয়োজনে সীমিত পরিসরে ইভিএম ব্যবহার করা হবে।সিইসি জানান, গত চার বছরের নির্বাচনে ব্যালট পেপারে ব্যয় হয়েছে এক হাজার ৮৭ কোটি টাকা। ইভিএম ব্যবহার করা হলে কমিশনকে এ টাকা ব্যয় করতে হবে না।বিকেলের অনুষ্ঠানে ইভিএমের প্রশংসা করে সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে। তাদের আস্থা অর্জন না করে এটি ব্যবহার করা যাবে না। শুনতে পাচ্ছি বিএনপি এটা মানবে না। প্রশ্ন হলো, কেন মানবে না? এটা তো আওয়ামী লীগ বা বিএনপির ব্যাপার নয়। এটা গোটা জাতির ব্যাপার।’টিআইবির চেয়ারপারসন ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, ইভিএম ব্যবহারের ক্ষেত্রে ইসি মাঠপর্যায়ে প্রচার-প্রচারণা চালিয়ে জনমত তৈরি করতে পারলে রাজনৈতিক দলগুলোও এ বিষয়ে আপত্তি জানাবে না।গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী প্রস্তাব সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সশস্ত্র বাহিনীকে নির্বাচনী আইনশৃঙ্খলা বাহিনীতে সম্পৃক্ত করা সমর্থনযোগ্য। তবে এই বাহিনীর কেউ বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত হলে তাঁদের বহিষ্কারের ক্ষমতা নির্বাচনী আইনে সুস্পষ্ট করা আবশ্যক। একই ধরনের অভিমত দেন সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান।এর আগে বেলা ১১টায় প্রথম দফার সংলাপে অংশ নেন গণমাধ্যমের ব্যক্তিত্বরা। এতে সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য ইভিএম গ্রহণযোগ্য একটি পদ্ধতি হতে পারে। এ বিষয়ে না জেনে, না বুঝে কথা বলার যে সংস্কৃতি তা থেকে বের হতে হবে। এর পক্ষে ব্যাপক প্রচার চালাতে হবে। বিএনপিকে যেকোনো মূল্যে আলোচনায় নিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইফুর রহমান বলেন, ইসি আগামী আগস্টের মধ্যে যদি চাহিদা প্রকাশ করে, সে ক্ষেত্রে দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে ৩০০ আসনের জন্য ইভিএম তৈরি করা সম্ভব হবে।বিশিষ্টজনদের মধ্যে সংলাপে আরও উপস্থিত ছিলেন এএসএম শাহজাহান, বদিউল আলম মজুমদার, তোফায়েল আহমেদ, তালেয়া রেহমান, সালমা আলী, শারমীন মুর্শেদ প্রমুখ। গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন রিয়াজউদ্দিন আহমেদ, নাঈমুল ইসলাম খান, রাশিদ উন নবী, সানাউল্লাহ প্রমুখ। কমিশনের পক্ষে সিইসি ছাড়াও দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।