ইভিএম ব্যবহারের প্রতিবাদে বিএনপির নির্বাচন বর্জন
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার এবং সেনাবাহিনী মোতায়েন না করার প্রতিবাদে নরসিংদী পৌরসভার উপনির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গতকাল বুধবার জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। এর পরপরই নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেন জেলা বিএনপির সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লা ও সদস্য সারোয়ার খান। এ ছাড়া গতকাল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সদস্য আসাদুজ্জামান, আওয়ামী লীগের সুইডেন শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান ও নন্দিত ফুটবল খেলোয়াড় সুভাষ সাহা তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।এ ছাড়া উচ্চ আদালতের রায়ের পর গতকাল নরসিংদী শহর আওয়ামী লীগের সদস্য ও শিল্পপতি আমজাদ হোসেন ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর ফলে আমজাদসহ নরসিংদী পৌর মেয়র পদের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন। তাঁরা হলেন: নিহত মেয়র লোকমান হোসেনের ছোট ভাই ও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী কামরুজ্জামান, শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়া, আরিফুল ইসলাম, আফজাল হোসেন ও ছাত্রদলের সাবেক নেতা মোছাব্বির আহমেদ ওরফে নাসির। জরুরি সভার পর বিএনপির সংবাদ সম্মেলন: গতকাল দুপুর ১২টার দিকে শহরের চিনিশপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জরুরি সভা করেন বিএনপির নেতারা। সভায় নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেন বিএনপির নেতারা।সভায় বিএনপির নেতা খায়রুল কবির অভিযোগ করেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশ যখন ত্রুটির কারণে নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ করে দিচ্ছে, ঠিক তখনই বর্তমান সরকার “কারচুপির অস্ত্র” হিসেবে নির্বাচনে ইভিএম ব্যবহার করছে। ইভিএম ব্যবহার নিয়ে ইতিমধ্যে সরকারদলীয় প্রার্থীরাই প্রশ্ন তুলেছেন। এমনই এক পরিস্থিতিতে নরসিংদীর পৌর উপনির্বাচনেও নির্বাচন কমিশন ইভিএম ব্যবহার করছে। পাশাপাশি নরসিংদীর আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ থাকলেও সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে না। এই অবস্থায় কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি।’পরে ওই কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের আনুষ্ঠানিক ঘোষণা দেন খায়রুল কবির। এ সময় বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী সুলতান উদ্দিন মোল্লা উপস্থিত সবার সামনে প্রার্থিতা প্রত্যাহারপত্রে স্বাক্ষর করে নির্বাচন থেকে সরে দাঁড়ান।দুই প্রার্থীকে কারণ দর্শানো নোটিশ: মেয়র পদপ্রার্থী মোন্তাজ ও কামরুজ্জামানকে গতকাল কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা নির্বাচন কমিশন কার্যালয়। নোটিশে বলা হয়েছে, ‘গত ৩ জানুয়ারি (মঙ্গলবার) বেলা তিনটা থেকে সন্ধ্যা সোয়া ছয়টা পর্যন্ত তথাকথিত দলীয় মনোনয়ন পেতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে প্রার্থী কামরুজ্জামান ও মোন্তাজ উদ্দিনের সমর্থক আনুমানিক পাঁচ হাজার লোক খণ্ড খণ্ড মিছিল ও স্লোগানসহ বিরোধে জড়িয়ে পড়েন। পৌরসভা নির্বাচন একটি নির্দলীয় নির্বাচন। এখানে দলীয় মনোনয়ন নেওয়ার সুযোগ নেই বা দলীয় মনোনয়ন পাওয়ার জন্য জনসাধারণের/গাড়ি চলাচলের রাস্তা বন্ধ করে মিছিল/সমাবেশ করার কোনো অবকাশ নেই। এটি শাস্তিযোগ্য অপরাধ।’গতকাল বিকেলে ওই নোটিশের জবাবে কামরুজ্জামান ও মোন্তাজ উদ্দিন বলেন, দলীয় সমর্থন দেওয়ার সময় দলের তৃণমূল পর্যায়ের অনেকে উপস্থিত ছিলেন। তাঁরা সেখানে কাউকে জড়ো করেননি। পরে আর এ রকম ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার অঙ্গীকার করেন তাঁরা।বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন কমিশন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা আবদুল অদুদ প্রথম আলোকে বলেন, ‘১২ জন প্রার্থীর মধ্যে ছয়জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আগামীকাল (আজ বৃহস্পতিবার) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।’