কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণের বিরুদ্ধে জনমত গঠন করবেন বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা শাখার নেতারা। গতকাল রোববার দলটির এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়। কুমিল্লার শহরতলি শামবকসীতে দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিনের মালিকানাধীন একটি প্রতিষ্ঠানে এ মতবিনিময় সভা হয়। এতে ইভিএমবিরোধী জনমত গঠনের সিদ্ধান্তের পাশাপাশি নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানানো হয়।কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির জেষ্ঠ সহসভাপতি মাহবুবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির নেতা ও সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আমিন উর রশিদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, শহর বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।আমিন উর রশিদ বলেন, ইভিএম পদ্ধতি সম্পর্কে ভোটাররা অবহিত নন। এটি ত্রুটিপূর্ণ পদ্ধতি। হঠাৎ সব ওয়ার্ডে ইভিএম পদ্ধতি চালু করে জনগণকে বিভ্রান্তিতে ফেলার কৌশল নেওয়া হয়েছে। তিনি বলেন, বিএনপির নেতা-কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এর বিরুদ্ধে জনমত গঠন করবেন।বেগম রাবেয়া চৌধুরী বলেন, ‘ইভিএম পদ্ধতি ভোট দেওয়ার ক্ষেত্রে সমস্যা করবে। আমরা এটা চাই না।’মতবিনিময় সভায় নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের নেতা-কর্মী ও সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন।