ইভিএমে ভোট গ্রহণই সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি: সাখাওয়াত
নির্বাচন-প্রক্রিয়া আরও স্বচ্ছ, সুষ্ঠু ও সুন্দর করতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণই হলো সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি। এ পদ্ধতিতে ভোট গ্রহণ করা হলে ভোটকেন্দ্রে ঝামেলার আশঙ্কা থাকে না। ব্যালটবাক্স ছিনতাই হওয়ার আশঙ্কাও থাকে না। ভোট গ্রহণের এক ঘণ্টার মধ্যে ফলাফল ঘোষণা করা সম্ভব।পটুয়াখালীর গলাচিপা উপজেলায় গতকাল বৃহস্পতিবার স্থানীয় সাংবাদিকেরা কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহারে বিএনপির আপত্তির প্রসঙ্গ তুললে নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।এর আগে সাখাওয়াত হোসেন গতকাল দুপুরে গলাচিপা উপজেলা সার্ভার স্টেশন ভবন উদ্বোধন করেন। এরপর ওই ভবনের সভাকক্ষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন তিনি।সাখাওয়াত হোসেন বলেন, গত পাঁচ বছরে দেশের নির্বাচন সংস্কৃতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। পরিবর্তন এসেছে ভোটারদের মানসিকতায়ও। এর প্রমাণ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। এ পরিবর্তন আনতে তাঁরা পাঁচ বছর ধরে কাজ করছেন। এ ক্ষেত্রে সর্বস্তরের মানুষ সহযোগিতা করেছে।উপজেলা সার্ভার স্টেশন সম্পর্কে সাখাওয়াত হোসেন বলেন, ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত যাবতীয় সেবা এই সার্ভার স্টেশন থেকে দেওয়া হবে।