কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও ৩৬ জন কাউন্সিলর গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র মনিরুল হককে শপথবাক্য পাঠ করান। নয়জন নারী কাউন্সিলরসহ ৩৬ জন কাউন্সিলরকে শপথ পড়ান স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। খবর বাসসের।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মোট ৬৫ কেন্দ্রের সবগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হয়েছে। মনিরুল হক তাঁর দলের বিরোধিতা সত্ত্বেও জয়ী হয়েছেন। ফলে ইভিএম ব্যবহারের মাধ্যমে যে ভোট জালিয়াতি হয়নি, তা প্রমাণিত হয়েছে।’শেখ হাসিনা বলেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, এটা নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে, যা ইতিপূর্বে কখনো হয়নি।প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের আমলে অনুষ্ঠিত সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছে।নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার সব সময় কমিশনকে শক্তিশালী ও নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিতে চায়।প্রধানমন্ত্রী নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অভিনন্দন জানিয়ে তাঁদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।শপথ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম মোজাম্মেল হক অনুষ্ঠান পরিচালনা করেন।গত ৫ জানুয়ারি সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী মনিরুল হক আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আফজল খানকে হারিয়ে নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন।