কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সবগুলো ওয়ার্ডে (মোট ২৭টি ওয়ার্ড) ইভিএমে ভোট গ্রহণ করা হবে। এ জন্য নির্বাচন কমিশন ব্যাপক প্রচার শুরু করেছে।প্রতিদিন বিকেল পাঁচটায় নগরের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে প্রজেক্টরের মাধ্যমে ভোটারদের ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। ১৭ ডিসেম্বর থেকে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের হাতে কলমে ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি জানানো হবে। গতকাল রোববার বিকেলে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।আগামী ৫ জানুয়ারি নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন। ভোটারসংখ্যা এক লাখ ৬৯ হাজার ২৭৩ জন। ভোটারদের ইভিএমে ভোট দেওয়ার জন্য নির্বাচন কমিশন নানা উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, জেলা প্রশাসক, জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানোর জন্য ইভিএম সার্বক্ষণিক রাখা হয়েছে। তথ্য অফিসের মাধ্যমে বিভিন্ন স্থানে ইভিএমে ভোটদানের পদ্ধতি জানানো হচ্ছে। নারী ভোটার ও পর্দানশিনদের জন্য নারী কর্মকর্তার মাধ্যমে ইভিএমে ভোটদানের পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।রিটার্নিং কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ২০ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের দিনব্যাপী ইভিএমের প্রশিক্ষণ দেওয়া হবে।র্যাবকে চিঠি: এদিকে নির্বাচনী দায়িত্বরত সহকারী রিটার্নিং কর্মকর্তাদের তিনটি নম্বর থেকে অসত্য তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। যাঁরা এসব কাজের সঙ্গে সম্পৃক্ত, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য র্যাব-১১ কুমিল্লার অধিনায়ককে চিঠি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তা বাতেন জানান, বিভিন্ন সময়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে ফোন করে অসত্য তথ্য দিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে। পরে গিয়ে দেখা যাচ্ছে, এ ধরনের ঘটনা ঘটেনি। যারা অহেতুক বিরক্ত করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য র্যাবকে বলা হয়েছে।ফোন-ফ্যাক্স দোকানদারের বিরুদ্ধেও ব্যবস্থা: সিটি করপোরেশন এলাকার বিভিন্ন ফোন-ফ্যাক্সের দোকান থেকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ বা নির্বাচনী কোনো কাজে দোকানের টেলিফোন ও মুঠোফোন ব্যবহার করে কোনো দুষ্কৃতিকারী বিভ্রান্ত করলে দোকানদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য ফোন ব্যবহারকারীর আলাপচারিতা ও পরিচিতি সম্পর্কে খেয়াল রাখতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য এ ধরনের সতর্কতামূলক উদ্যোগ নেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ৭ ডিসেম্বর নগরের দোকানমালিকদের কাছে তাঁর স্বাক্ষরিত একটি চিঠি পাঠান। চিঠিতে তিনি দোকানদারদের সহযোগিতা কামনা করেন।দুই কাউন্সিলর পদপ্রার্থীকে জরিমানা: ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল আহসানকে অস্থায়ী নির্বাচনী ক্যাম্প স্থাপন ও প্রচারপত্র বিতরণের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবদুল মালেক ভূঁইয়াকে নির্বাচনী ক্যাম্প স্থাপন করে প্রচার চালানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেন। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর এ পর্যন্ত মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থীসহ ২১ জনকে সতর্ক, জরিমানা ও চিঠি দিয়েছে।