ইভিএমের বাটনে প্রতীক রাখার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যালট ইউনিটের বাটনে প্রতীক বসানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ভোটদান পদ্ধতি সহজ করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদার সভাপতিত্বে কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, বর্তমানে যে ইভিএম আছে, তার তুলনায় আরও ছোট করে বহনযোগ্য ইভিএম করা হবে। এ জন্য বুয়েটকে বলা হয়েছে। এ ছাড়া ইভিএমের ব্যালট ইউনিটের বাটনে প্রতীক রাখা হবে। বর্তমানে যেসব মেশিন আছে, সেগুলোর বাটনে প্রতীক নেই।কমিশনের ওই সভার কার্যপত্রে বলা হয়েছে, হিসাব অনুযায়ী দশম জাতীয় সংসদ নির্বাচন ২০১৩ সালের ৬ অক্টোবর থেকে ২০১৪ সালের ৪ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। এ জন্য নতুন ইভিএম তৈরির একটি প্রকল্প নেওয়া হচ্ছে। সভায় বিশেষজ্ঞরা সুপারিশ করেন, সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করতে হলে তা তৈরির কাজ ২০১২ সালের মে মাসের মধ্যে শুরু করতে হবে।সুপারিশে আরও বলা হয়, ইভিএমে নেওয়া নির্বাচনের ফলাফল প্রিন্ট আকারে নেওয়া হবে। বর্তমানে ফলাফল প্রিন্ট করা হয় না। এ ছাড়া ইভিএমে নেওয়া নির্বাচনের ফলাফল সর্বোচ্চ ৩০ দিন সংরক্ষণের বিধান রেখে সিটি করপোরেশন নির্বাচন (ইভিএম) বিধিমালায় সংশোধনী এনেছে কমিশন। এর আগে ভোট গ্রহণের পর ফলাফল ইভিএমে ১৮০ দিন সংরক্ষণের বিধান ছিল। সংশোধিত বিধানে বলা হয়েছে, ফলাফল ঘোষণার পর সংশ্লিষ্ট ইভিএম সংরক্ষণের প্রয়োজন না থাকলে গেজেটে প্রকাশের ৩০ দিনের মধ্যে ওই সব ইভিএম পুনরায় ব্যবহারের উপযোগী করা যাবে।