ইমন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় স্কুলছাত্র ইমন হোসেন (৯) হত্যা মামলার প্রধান আসামি তার চাচাতো ভাই নাহিদ হাসানকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে ঢাকার চকবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নিখোঁজের নয় দিন পর গত ১৩ জুন ফতুল্লার বক্তাবলীর চর রাধানগরের ধইঞ্চাখেত থেকে ইমনের নয় টুকরা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ সালমা বেগম ও মামুন নামের দুজনকে গ্রেপ্তার করে। ইমনের বাবা ইসমাইল হোসেন ওরফে রমজান আলী নয়জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।
নাহিদকে গ্রেপ্তারের ঘটনায় গতকাল বিকেলে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। তিনি জানান, দুই বছর আগে ঝগড়াঝাঁটির জের ধরে ইমনের বড় ভাই ইকবাল লাঠি দিয়ে আঘাত করে তাঁর বড় চাচা আহম্মদ আলীর মাথা ফাটিয়ে দেন। এ ঘটনায় সালিসে ইকবালকে পাঁচ হাজার টাকা জরিমানা করে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়। কিন্তু আহম্মদ আলীর পরিবার সালিস না মেনে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। বিষয়টি বুঝতে পেরে ইমনের বাবা রমজান বড় ছেলে ইকবালকে বিদেশে পাঠিয়ে দেন। ১৩ জুন ইমনকে বাড়ি থেকে ডেকে নেন তার চাচি সালমা বেগম (নাহিদের মা)। পরে নাহিদসহ অন্য আসামিরা ইমনকে জবাই করে হত্যা করেন। তাঁরা লাশ কেটে নয় টুকরা করে ধইঞ্চাখেতের ভেতর পুঁতে রাখেন। পরে তাঁরা রক্তমাখা নৌকা, চাকু ও চাপাতি পানিতে পরিষ্কার করে যাঁর যাঁর বাড়িতে চলে যান বলে স্বীকার করেছেন নাহিদ।