ইমনের খোঁজ মেলেনি বাড়িতে আহাজারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামে অপহরণের শিকার শিশু ইমনের খোঁজ গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মেলেনি।
বাতিরকান্দি গ্রামের সৌদিপ্রবাসী জহুর আলী ছেলে ইমন মিয়া অপহরণের শিকার হয় গত ২৭ মার্চ। বুধবার বাতিরকান্দি গ্রামের মসজিদের ইমাম ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শোয়াইবুর রহমান ওরফে সুজনকে (৩০) সিলেট থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১৯টি মোবাইল ফোনের সিমকার্ড উদ্ধার করা হয়। পরে শোয়াইবুর পুলিশের কাছে ইমনকে অপহরণ ও হত্যার রোমহর্ষক বর্ণনা দেন। এর আগে পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে বাতিরকান্দি গ্রামের আবুল বাহার (৫২), নুরুল আমিন (৫৫) ও মোহাম্মদ জাহেদকে (২৭) গ্রেপ্তার করেছে। অপহরণকারীরা ইমনের পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল।
গতকাল সরেজমিনে দেখা যায়, গ্রামের মসজিদের পাশেই জহুর আলীর বাড়ি। মসজিদ থেকে সেই বাড়ির উঠান দেখা যায়। এ মসজিদেই দুই বছর আগে ইমাম হিসেবে যোগ দেন উপজেলার ছৈলা-আফজালাবাদ ইউনিয়েন ব্রাহ্মণজুলিয়া গ্রামে শোয়াইবুর রহমান। জহুর আলীর পরিবারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল। একসময় ওই বাড়িতে তিনি খেয়েছেনও।
নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল আবেদীন বলেন, শোয়াইবুর নোয়ারাই ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি। মাত্র দুই লাখ টাকার জন্য একটি শিশুকে এমন নির্মমভাবে কোনো মানুষ হত্যা করতে পারে, এ এলাকার মানুষ কোনো দিন এটা ভাবতেও পারেনি।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী জানান, পুলিশ শোয়াইবুরকে নিয়ে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। এর আগে বুধবার তাঁর কথা অনুয়ায়ী ওই গ্রামের দুটি পুকুর সেচে ইমনের লাশের খোঁজ করা হয়। কিন্তু তার কোনো খোঁজ মেলেনি। তবে একটি পুকুর থেকে পলিথিনের ব্যাগে ভরা ইমনের রক্তামাখা পোশাক, একটি ছোরা ও একটি বিশের বোতল উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে শোয়াইবুর পুলিশকে জানিয়েছেন, অপহরণের তিন দিন পর গভীর রাতে ইমনকে মসজিদ প্রাঙ্গণে নিয়ে আসেন তাঁরা। একসময় সে পানি খেতে চাইলে প্রথমে পানির সঙ্গে বিষ মিশিয়ে দেওয়া হয়। পানি খাওয়ার পর ইমন যন্ত্রণায় ছটফট করতে থাকে। পরে সেখানেই তাকে জবাই করে লাশ একটি বস্তায় ভরে পাশের পুকুরে ফেলে দেওয়া হয়। তিনি বলেন, ইমনের লাশ উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত আছে।