ইমনের হত্যাকারীরা ধরা পড়েনি
ছেলে হারানোর শোকে পাগলপ্রায় মায়ের বিলাপ, ‘আমার ছেলেটা খুব শৌখিন আর স্বপ্নবান ছিল। অন্যায় সহ্য করতে পারত না কিছুতেই। প্রতিবাদী স্বভাবের হওয়ায় আমি মাঝেমধ্যে শাসন করার চেষ্টা করতাম। কিন্তু ইমন বলত, “আমার আম্মুটা কিচ্ছু বোঝে না।” অন্যায়ের প্রতিবাদ করায় আমার ছেলেকে মরে যেতে হবে, এটা এখনো বিশ্বাস হয় না আমার।’
শুধু কী বিলাপ, ক্ষোভও তো জমা হয়েছে বুকে—‘এত দিন পার হয়ে গেল। আমার ছেলের হত্যাকারীদের ধরতে পারল না পুলিশ। পালিয়ে কোথায় গেছে ওরা। পুলিশ চাইলে কি ধরতে পারে না? শেষ পর্যন্ত ছেলেহত্যার বিচার কি পাব না?’
গত মঙ্গলবার ইয়াছিন আরাফাত ওরফে ইমনের (২১) পড়ার ঘরে বসে মা মোরশেদা এসব কথা বলছিলেন।
ছিনতাইয়ে বাধা দেওয়ার জের ধরে ৪ মে রাতে গুলিবিদ্ধ হন চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টারের ছাত্র ইমন (২১)। চিকিৎসাধীন অবস্থায় ঘটনার দুই দিন পর ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুর সাত দিন পেরিয়ে গেলেও মূল অভিযুক্ত ব্যক্তিরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।
পশ্চিম বাকলিয়া ডিসি রোডের ১৬০/১৬৮ নম্বর ছয়তলা বাড়িটির প্রতিটি ইট-কাঠ যেন ইমনের শোকে স্তব্ধ। বাবা সৌদিপ্রবাসী। বাকি ছয় চাচা ও ফুপুরা একই ভবনের বাসিন্দা।
ইমনের চাচা ইব্রাহিম বাবু বলেন, ‘রাজনৈতিক প্রভাব দেখিয়ে সন্ত্রাসীরা পার পেয়ে যায় কি না, সে আতঙ্কে আছি। এর বিচার না হলে সমাজে আর কেউই অন্যায়ের প্রতিবাদ করার সাহস পাবে না।’
ইমনের বন্ধু নুরুদ্দিন ফোরকান জানান, বেশ কিছুদিন আগে ছিনতাইয়ের দুটো ঘটনার পর ফয়সাল বাহিনীর কাছ থেকে মালামাল উদ্ধার করে দিয়েছিল ইমন ও তাঁর বন্ধুরা। ৪ মে ঘটনার দিন সকালেও বাকলিয়ার দিদার মার্কেটের সামনে এক পথচারীর মোবাইল কেড়ে নেয় ফয়সালের সহযোগী রানা ও আরও কয়েকজন। তখন ইমন ও তাঁর বন্ধুরা এর প্রতিবাদ করেন এবং মুঠোফোনটি ফিরিয়ে দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেদিন সন্ধ্যায় ইমন তাঁর কয়েকজন বন্ধুর সঙ্গে বাসা থেকে একটু দূরে রাস্তায় দাঁড়িয়ে গল্প করছিলেন। সে সময় অস্ত্র হাতে ফয়সাল তাঁর ২০-২২ জন সহযোগীসহ এসে ইমনকে কাছ থেকে গুলি করে। গুলি ইমনের পেটে লাগে। এ ঘটনায় ইমনের বন্ধু সাদ্দামও আহত হয়। ইমনকে গুলি করার পর ফাঁকা গুলি করতে করতে ফয়সালরা পালিয়ে যান। ভয়ে কেউ এগিয়ে আসেনি।
ইমন গুলিবিদ্ধ হওয়ার পরদিনই তাঁর মা বাদী হয়ে ফয়সাল, রানা, মিজানসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করে বাকলিয়া থানায় মামলা করেন। কিন্তু অভিযুক্ত ব্যক্তিরা গ্রেপ্তার না হওয়ায় হতাশ পরিবার ও এলাকাবাসী।
পুলিশ জানায়, ফয়সাল পুলিশের তালিকাভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে আগেও চারটি মামলা হয়েছে। দুই মাস আগে তিনি জামিনে বেরিয়ে ফের এলাকায় সন্ত্রাসী কার্যক্রম শুরু করেন।