ইমরান এইচ সরকার জামিন পেয়েছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে স্লোগান দেওয়ার অভিযোগে করা মানহানির মামলায় জামিন পেয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও সনাতন উল্লাস।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ইমরান ও সনাতন। আদালত ১০ হাজার টাকার মুচলেকায় আগামী ২৬ অক্টোবর পর্যন্ত তাঁদের জামিনের আদেশ দেন। ওই দিন অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে।
গতকাল বুধবার ইমরান এইচ সরকার ও সনাতন উল্লাস আদালতে হাজির না থাকায় দুজনের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।
প্রধানমন্ত্রীকে নিয়ে মানহানিকর কটূক্তি ও স্লোগান দেওয়ার অভিযোগে গত ৩১ মে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গোলাম রাব্বানী বাদী হয়ে নালিশি এ মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে চলতি বছরের ২৮ মে সন্ধ্যায় শাহবাগে মশাল মিছিল বের করে গণজাগরণ মঞ্চ। ইমরানের নেতৃত্বে বের হওয়া ওই মিছিল থেকে প্রধানমন্ত্রী সম্পর্কে মানহানিকর কটূক্তি করে স্লোগান দেওয়া হয়।