ইমরান এইচ সরকারকে ক্ষমা চাইতে বললেন জয়
সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে ফেসবুকে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে ক্ষমা চাইতে বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা এবং তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়।
জয় তাঁর ফেসবুক পেজে গতকাল রোববার রাতে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন। তিনি লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস আমাকে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রে শফিক রেহমানের সরাসরি সংশ্লিষ্টতা উদ্ঘাটন করেছে। তারা এ বিষয়ে প্রমাণাদি আমাদের সরকারের কাছে দিয়েছে। তাঁকে এই প্রমাণের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে। আমি এর চেয়ে বেশি কিছু প্রকাশ করতে পারছি না। কিন্তু এই প্রমাণ দ্ব্যর্থহীন এবং অখণ্ডনীয়।’
সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমি আশাই করেছিলাম বিএনপি এটা নিয়ে মিথ্যা বলার চেষ্টা করবে। যদিও আমি আশ্চর্য হয়েছি ইমরান সরকারের বিষয়ে। সম্ভবত শেষ পর্যন্ত তার আসল চেহারাটা উন্মোচিত হলো। এটা দেখে মনে হচ্ছে, সে আমাদের বেশির ভাগ সুশীলের মতোই, আরেকটা সুবিধাবাদী এবং মিথ্যাবাদী। হয়তো বিএনপি তাকে পয়সা দিয়েছে। কে জানে? যেভাবেই হোক, আমি তার প্রতি সব শ্রদ্ধা হারিয়েছি। তাকে তার বক্তব্য প্রত্যাহার করে আমাদের সরকারের কাছে ক্ষমা চাইতে হবে।’
জয় বলেন, ‘আমি আমার সকল বন্ধু এবং ভক্তদের কাছে আহ্বান জানাচ্ছি, যারা তাকে অনুসরণ করেন তারা তাকে ফেসবুক থেকে আনফলো/আনফ্রেন্ড করুন। সে একজন অপরাধীর হয়ে কথা বলছে, যে আমাকে হত্যার চেষ্টা করেছিল।’
জয়ের এই বক্তব্যের বিষয়ে ইমরান এইচ সরকার গত রাতে প্রথম আলোকে বলেন, ‘আমি এমন কোনো কথা বা স্ট্যাটাস দেইনি যে এর জন্য ক্ষমা চাইতে হবে। আমি কিন্তু কোনো ব্যক্তিকে ডিফেন্ড করিনি। মত প্রকাশের স্বাধীনতাকে বা ভিন্নমতকে রাজনীতিবিদেরা যাতে শ্রদ্ধা প্রদর্শন করেন, এটাই ছিল স্ট্যাটাস দেওয়ার মূল স্পিরিট।’ তিনি বলেন, ‘তাঁর (জয়) এই বক্তব্যের মধ্য দিয়ে আমার মনে হয়, অন্যের মত প্রকাশের স্বাধীনতাকে রক্ষা করতে গিয়ে আমার মত প্রকাশের স্বাধীনতাও বাধাগ্রস্ত হলো।’
এর আগে গত শনিবার ইমরান এইচ সরকার তাঁর ফেসবুক পেজে লেখেন, ‘প্রবীণ (৮১ বছর বয়সী) সাংবাদিক শফিক রেহমানের গ্রেপ্তার ও রিমান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শফিক রেহমানের রাজনৈতিক আদর্শের সঙ্গে আমি একমত নই। ভিন্নমতের হলেই তাকে দমন করার যে নোংরা রাজনৈতিক অপকৌশল, এর একটা অবসান চাই।’