ইমরান চাইলে মঞ্চের বাইরে গিয়ে দল করতে পারেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণজাগরণ মঞ্চের সঙ্গে যুক্ত পাঁচটি ছাত্রসংগঠন সংবাদ সম্মেলন করে বলেছে, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার যদি নতুন রাজনৈতিক দল করতে চান, তা মঞ্চের বাইরে গিয়ে করতে হবে। কারণ, গণজাগরণ মঞ্চ একটি অরাজনৈতিক ও দলনিরপেক্ষ আন্দোলন। এটি কখনোই রাজনৈতিক দল হতে পারে না।
গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে নিজেদের অবস্থান তুলে ধরতে বাংলাদেশ ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ), বাংলাদেশ ছাত্র আন্দোলন, বাংলাদেশ ছাত্র সমিতি ও ছাত্র ঐক্য ফোরাম যৌথভাবে এ সংবাদ সম্মেলন করে। এর মধ্যে প্রথম চারটি আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক চার দলের ছাত্রসংগঠন। অপরটি বাম মোর্চার অন্তর্ভুক্ত গণতান্ত্রিক বিপ্লবী পার্টির ছাত্রসংগঠন।
সংবাদ সম্মেলন চলাকালে অদূরেই বসে ছিলেন ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান। অবশ্য একই বিষয়ে গত শনিবার ছাত্রলীগও সংবাদ সম্মেলন করে ইমরান এইচ সরকারের বিরুদ্ধে বক্তব্য দেয়।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু। তিনি বলেন, গণজাগরণ মঞ্চ শুরু থেকে যুদ্ধাপরাধীদের বিচার এবং জামায়াত-শিবির নিষিদ্ধসহ সুনির্দিষ্ট ছয় দফা দাবিতে আন্দোলন করে আসছে এবং ভবিষ্যতেও করবে। কেউ যদি ভিন্ন কোনো উচ্চাভিলাষী স্বপ্ন দেখে থাকেন, তবে গণজাগরণ মঞ্চের ভেতর থেকে নয়, বরং মঞ্চ থেকে বাইরে গিয়ে সেই স্বপ্ন দেখতে হবে।
এক প্রশ্নের জবাবে জাসদ ছাত্রলীগের সভাপতি সামছুল ইসলাম বলেন, গণজাগরণ মঞ্চের সঙ্গে মুক্তিযুদ্ধের পক্ষের সব রাজনৈতিক দল যুক্ত। এটাকে ব্যবহার করে মঞ্চের মুখপাত্র নতুন কোনো রাজনৈতিক দল করার আকাঙ্ক্ষা প্রকাশ করে থাকলে তা মঞ্চের বাইরে গিয়ে করতে পারেন। তা না হলে পুরো জাতির সঙ্গে বেইমানি করা হবে।
এ ব্যাপারে জানতে চাইলে ইমরান এইচ সরকার প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল গঠনের চিন্তা করা হচ্ছে না। এটা গণমানুষের আন্দোলন, তারা যেমন চাইবে, গণজাগরণ মঞ্চ সেভাবে পরিচালিত হবে।
পাঁচ সংগঠনের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ৩ এপ্রিল গণজাগরণ মঞ্চের দুই পক্ষের মারামারিকে ‘অন্তর্কলহ’ বলে উল্লেখ করা হয়।
ইমরান এইচ সরকার কেন ছাত্রলীগ-যুবলীগ হামলা করেছে বলে অভিযোগ করলেন—এ প্রশ্নের জবাবে বাপ্পাদিত্য বসু বলেন, ‘ওই অভিযোগের মাধ্যমে গণজাগরণ মঞ্চের মুখপাত্রের নতুন রাজনৈতিক দল গঠনের অভিপ্রায়ই প্রকাশ পায় কি না, সে হিসাব মেলাতে আমরা বাধ্য হচ্ছি।’ তিনি বলেন, ছাত্রলীগ, যুবলীগ মঞ্চের প্রতিপক্ষ নয়।
গণজাগরণ মঞ্চে কেন ভাঙনের সৃষ্টি হলো? এ বিষয়ে লিখিত বক্তব্যে বলা হয়, মুখপাত্রের অগণতান্ত্রিক ও একতরফা সিদ্ধান্ত গ্রহণের কারণে মঞ্চে অংশগ্রহণকারী বিভিন্ন পক্ষের মধ্যে ক্ষোভ, অসন্তোষ ও হতাশা সৃষ্টি হয়েছে। চেষ্টা করা হলেও মুখপাত্রের অগণতান্ত্রিক ও অনৈতিক অবস্থানের কারণে এর সমাধান হয়নি।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জাসদ ছাত্রলীগের সামছুল ইসলাম। তিনি বলেন, মুখপাত্র একটি অস্থায়ী পদ। এটি পরিবর্তন হতে পারে। তবে তা হতে হবে গণজাগরণ মঞ্চের সঙ্গে সম্পৃক্ত সব সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী।
মুখপাত্রের পদে পরিবর্তন আসবে কি না—এ প্রশ্নের জবাবে বাপ্পাদিত্য বলেন, ‘এটা সত্যি যে ইমরান এইচ সরকার গণজাগরণ মঞ্চের প্রতীক হয়ে উঠেছেন। আন্দোলনে ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত আমরা নেব না।’
এর প্রতিক্রিয়া জানতে চাইলে ইমরান এইচ সরকার প্রথম আলোকে বলেন, গণজাগরণ মঞ্চে অনেক ছাত্রসংগঠন যেমন রয়েছে, তেমনি সামাজিক-সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠনও অন্তর্ভুক্ত আছে। সবার সঙ্গে কথা বলে ও মতামত নিয়ে সিদ্ধান্ত নিতে হয়। স্বভাবতই প্রত্যেকের মতামত সেখানে প্রাধান্য পায় না। সব সিদ্ধান্ত সবার পক্ষেও যায় না। কোনো কোনো সিদ্ধান্ত অনেক সময় সরকারদলীয় লোকদের জন্য স্বস্তিদায়ক হয় না। এ কারণে তাঁরা নানা অভিযোগ তুলছেন বলে তিনি মনে করেন।