গণজাগরণ মঞ্চের দুই পক্ষের মধ্যে মারামারি ও পাল্টাপাল্টি অভিযোগের পর মুখপাত্রের পদ থেকে ইমরান এইচ সরকারকে অব্যাহতির ঘোষণা দিয়েছে তাঁর বিরোধী অংশ। তাদের দাবি, পাঁচ সদস্যবিশিষ্ট একটি প্যানেল সম্মিলিতভাবে মঞ্চের মুখপাত্রের দায়িত্ব পালন করবে। অচিরেই প্যানেল সদস্যদের নাম ঘোষণা করা হবে।
গতকাল শনিবার দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘গণজাগরণ মঞ্চের কর্মী ও সংগঠকবৃন্দের’ ব্যানারে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়। অবশ্য এর আগে একই ব্যানারে ৪ এপ্রিল সংবাদ সম্মেলন করে ইমরান এইচ সরকারকে শাহবাগে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছিল।
গতকালের সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেন গণজাগরণ মঞ্চের একজন সংগঠক কামাল পাশা চৌধুরী। তিনিসহ সংবাদ সম্মেলনে উপস্থিত বেশির ভাগ ব্যক্তিই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। অবশ্য তাঁরা নিজেদের গণজাগরণ মঞ্চের সংগঠক ও কর্মী বলে দাবি করেন।
এর আগের দিন শুক্রবার গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে ইমরান এইচ সরকার সংবাদ সম্মেলন করে পয়লা বৈশাখ (১৪ এপ্রিল) শাহবাগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদীপ প্রজ্বালন এবং ১৮ এপ্রিল সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন। গতকাল তাঁর বিরোধী পক্ষ গণজাগরণ মঞ্চের নামে পৃথক কর্মসূচি ঘোষণা করেছে। তা হলো, ১৭ এপ্রিল ‘মুজিবনগর দিবস’ পালন উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং বিকেলে শাহবাগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সংবাদ সম্মেলনে কামাল পাশা চৌধুরী বলেন, ‘বিতর্কিত হয়ে যাওয়ার কারণে’ ইমরান এইচ সরকারকে মঞ্চের মুখপাত্রের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই মুহূর্ত থেকে তাঁর (ইমরান) কোনো বক্তব্য ও কর্মসূচি গণজাগরণ মঞ্চের বক্তব্য ও কর্মসূচি হিসেবে গৃহীত হবে না।
কোন ক্ষমতাবলে ইমরানকে মুখপাত্রের পদ থেকে অব্যাহতির ঘোষণা দিচ্ছেন—এ প্রশ্নের জবাবে কামাল পাশা চৌধুরী বলেন, ‘ইমরান নিজে নিজে মঞ্চের মুখপাত্র হয়ে যাননি। আমরা তাঁকে মুখপাত্রের দায়িত্ব দিয়েছিলাম, আমরাই তাঁকে অব্যাহতি দিচ্ছি।’ তিনি দাবি করেন, গণজাগরণ মঞ্চের শুরুর সময় যে ২০৫টি সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ছিল, তাদের বেশির ভাগের সঙ্গে তাঁদের যোগাযোগ হয়েছে। ১৮ এপ্রিলের মধ্যে সবার সঙ্গে যোগাযোগ করে মুখপাত্র প্যানেল নির্বাচনে বৈঠক করা হবে। সেখানে ইমরান এইচ সরকারকেও আমন্ত্রণ জানানো হবে।
এ বিষয়ে জানতে চাইলে ইমরান এইচ সরকার গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমি যতটুকু জেনেছি, আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতার নেতৃত্বে এই সংবাদ সম্মেলন হয়েছে। এর আগেও আওয়ামী লীগের বিভিন্ন নেতা বক্তব্য দিয়েছেন যে গণজাগরণ মঞ্চের কোনো প্রয়োজন নেই।’ তিনি বলেন, গণজাগরণ মঞ্চের মুখপাত্র নির্ধারণ করার দায়িত্বও কোনো রাজনৈতিক দলের নেই। তারা গণজাগরণ মঞ্চকে বিতর্কিত করার চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে কামাল পাশা চৌধুরী জানান, একটি অন্তর্বর্তী দল গণজাগরণ মঞ্চের খসড়া গঠনতন্ত্র তৈরি করবে। সারা দেশের গণজাগরণ মঞ্চের কর্মী সম্মেলনের মাধ্যমে তা চূড়ান্ত করা হবে। তিনি অচিরেই একটি জাতীয় কর্মী সম্মেলন করে সারা দেশের গণজাগরণ মঞ্চের কর্মীদের একত্র করবেন বলে জানান।
কামাল পাশা ৫ জানুয়ারির নির্বাচনে নেত্রকোনার মোহনগঞ্জ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তিনি ২৫ বছর ধরে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার সেলে কাজ করছেন বলেও প্রথম আলোকে নিশ্চিত করেছেন দলের কেন্দ্রীয় উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল। অবশ্য কামাল পাশা বলেছেন, তিনি ২০১২ সাল পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন। মনোনয়ন চাওয়ার কথাও স্বীকার করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপকমিটির তিনজন সহসম্পাদক হামিদা বেগম, শিউলী বিনতে মোহসিন ও সোহেলী পারভীন, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সহসম্পাদক রাশিদা হক, আওয়ামী লীগের উপকমিটির সদস্য এনামুল হক। এ ছাড়া গণজাগরণ মঞ্চের সঙ্গে শুরু থেকে যুক্ত গৌরব ’৭১-এর সভাপতি আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক এফ এম শাহীন, ‘মুক্তিযোদ্ধা প্রজন্মের’ যুগ্ম সম্প্লাদক হাবিবুল্ল্লাহ মিজবাহ, ‘অপরাজেয় বাংলা’র সভাপতি এইচ রহমান, ৩ এপ্রিলের মারামারিতে আহত আবীর ঘোষ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে গণজাগরণ মঞ্চের দুই পক্ষের মধ্যে মতবিরোধ চলে আসছে। ৩ এপ্রিল শাহবাগে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এরপর মামলা করতে গেলে শাহবাগ থানায় দ্বিতীয় দফা মারামারি হয়। পরে দুই পক্ষই পাল্টাপাল্টি মামলা করে। ওই হামলার জন্য ইমরান এইচ সরকার ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করেন।