ইমরান হত্যাকারীদের গ্রেপ্তারে ১০ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে যুবলীগের নেতা ইমরান মিয়া হত্যাকাণ্ডের মূল আসামিদের গ্রেপ্তারে ১০ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। গতকাল সোমবার শহরের পায়রা চত্বরে ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের এক সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে গ্রেপ্তারে ব্যর্থ হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত অনুষ্ঠিত এ সমাবেশ যৌথভাবে আয়োজন করে মহানগর দোকান মালিক সমিতি ও সিটি করপোরেশন। সমাবেশে মহানগরের শতাধিক ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহানগর দোকান মালিক সমিতির মহাসচিব ও সদস্যসচিব যথাক্রমে রেজাউল ইসলাম ও সিরাজুল ইসলাম, ব্যবসায়ী নজরুল ইসলাম, শাহজালাল বকুল, আলতাফ হোসেন, আমজাদ হোসেন প্রমুখ।
এদিকে ইমরান মিয়া হত্যার মূল আসামিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। মহানগর দোকান মালিক সমিতির ডাকা এ হরতালে শহরের কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কোনো যানবাহন চলাচল করেনি। রংপুর থেকে দূরপাল্লার বাসও ছাড়েনি। বিদ্যালয়গুলোতে পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হয়েছে।
গত ১০ নভেম্বর রাতে শহরের মাহিগঞ্জ সাতমাথা এলাকায় ৩০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী ইমরান মিয়া (২৮) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১১ নভেম্বর সকালে তিনি মারা যান। এ ঘটনায় ইমরানের ছোট ভাই বিপ্লব মিয়া বাদী হয়ে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক এম এ মজিদ ও তাঁর ভাগনে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলমসহ ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পাঁচজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিরা পলাতক থাকায় তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অভিযান চলছে।