ইমরানকে উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজ আসিফ ইমরানকে উদ্ধারের দাবিতে গতকাল সংবাদ সম্মেলন করেন ইমরানের  স্বজনেরা l প্রথম আলো
নিখোঁজ আসিফ ইমরানকে উদ্ধারের দাবিতে গতকাল সংবাদ সম্মেলন করেন ইমরানের স্বজনেরা l প্রথম আলো

রাজধানীর বনানীতে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় এআইইউবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র আসিফ ইমরানকে (১৯) উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে তাঁর পরিবার।
গতকাল শনিবার সকালে সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইমরানের পরিবারের সদস্যরা এই দাবি জানান।
ইমরানের বাবা লুৎফর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, গত বছরের ৭ অক্টোবর উত্তরার ১২ নম্বর সেক্টরের বাসা থেকে ইমরানের বন্ধু গোলাম মোস্তফা আসিফকে নারায়ণগঞ্জের নয়াপাড়ার বাসায় নিয়ে যান। এরপর ইমরান আর ফেরেনি। সে সময় তিনি ও তাঁর স্ত্রী হজ পালনের জন্য সৌদি আরবে ছিলেন। নিখোঁজ হওয়ার ঘটনায় ৯ অক্টোবর আসিফের বড় বোন নাজিয়া কাজল উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ ঘটনায় অপহরণের মামলা করতে গেলে উত্তরা পশ্চিম থানা প্রথমে মামলা নেয়নি। পরে আদালতের নির্দেশে ১ নভেম্বর ওই থানা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর ইসলামসহ চারজনের বিরুদ্ধে মামলা নেয়। অপর তিন আসামি হলেন গোলাম মোস্তফা, গোলাম মোহাম্মদ কালু ও মো. শাকিল। গত নভেম্বরে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে গোলাম মোস্তফা ও শাকিল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
কান্নাজড়িত কণ্ঠে লুৎফর রহমান বলেন, একমাত্র ছেলে ইমরানকে হারিয়ে তাঁর মা নাদিরা বেগম পাগলপ্রায়। এ অবস্থায় ছেলেকে উদ্ধারে তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইমরানের বড় বোন নাজিয়া কাজল, খালু ফজলার হোসেন ও খালা রোকেয়া বেগম।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক আতাউর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, এখনো ইমরান আলমগীরের লোকদের কাছেই আছেন। তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে।