ইমরানের পরিবার নিয়ে প্রকাশিত খবর সঠিক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগের গণজাগরণ মঞ্চের সমন্বয়ক ইমরান এইচ সরকারের পরিবার এবং তাঁর দাদা খয়ের উদ্দিন সরকারকে রাজাকার উল্লেখ করে একটি পত্রিকায় প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছেন কুড়িগ্রাম ও রাজিবপুরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। গতকাল মঙ্গলবার কুড়িগ্রামের শহীদ মিনারে স্থাপিত গণজাগরণ মঞ্চ থেকে তাঁরা এ প্রতিবাদ জানান। কুড়িগ্রাম গণজাগরণ মঞ্চের মুখপাত্র জ্যোতি আহামেঞ্চদ বলেন, ‘আমরা এ ধরনের খবরের প্রতিবাদ ও নিন্দা জানাই।’ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সিরাজুল ইসলাম বলেন, ইমরানের বাবা মতিউর রহমান মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ হিসেবে পরিচিত। জেলার রাজীবপুর উপজেলার বালিয়ামারী গ্রামে তাঁদের বাড়ি। তাঁর দাদা রাজাকার ছিলেন না। রাজীবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকবর হোসেন বলেন, ‘ইমরান সরকারের গ্রামের বাড়ি আমার বাড়ির পাশে। তাঁর দাদা খয়ের উদ্দিন একজন সৎ মানুষ ছিলেন। তিনি মুক্তিযুদ্ধকালে সংগঠক হিসেবে কাজ করেছেন।’রাজিবপুরের মুক্তিযোদ্ধা তারামন বিবি (বীর প্রতীক) বলেন, ‘খয়ের উদ্দিন রাজাকার ছিল এমন কথা কখনো শুনিনি। শুনেছি, তিনি হাজি মানুষ ছিলেন। একজন ভালো মানুষ ছিলেন।’ ইমরানের বাবা মতিউর রহমান বলেন, ‘আমাকে, আমার বাবা খয়ের উদ্দিন সরকার এবং আমার পরিবারকে নিয়ে কুৎসা রটাচ্ছে একটি মহল। আমি কোনো দিনও মুসলিম লীগ করতাম না। আমার বাবাও মুসলিগ লীগের সদস্য ছিলেন না।’