ইমরানের প্রতি অনাস্থা সহযোদ্ধা ব্লগারদেরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের (বোয়ান) একাংশ আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন।
ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের (বোয়ান) একাংশ আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন।

গণজাগরণ মঞ্চের নেতা ইমরান এইচ সরকারের প্রতি তাঁর সহযোদ্ধা ব্লগারদের একটি অংশ অনাস্থা জানিয়েছে।
ইমরান ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের (বোয়ান) আহ্বায়ক। তবে বোয়ানের নেতা-কর্মীদের একটি বড় অংশ আনুষ্ঠানিকভাবে ইমরানকে সংগঠনটির আহ্বায়ক পদের ওপর অনাস্থা জানায়। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অনাস্থা জানানো হয়।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন ব্লগার অনিমেষ রহমান। তিনি বলেন, বোয়ান গণজাগরণ মঞ্চের সঙ্গে আছে ও থাকবে। কিন্তু কোনো খণ্ডিত অংশের সঙ্গে তারা যাবে না। এই মুহূর্তে গণজাগরণ মঞ্চ সার্বিক অর্থে আর কার্যকর নেই। গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে ইমরান এইচ সরকার তাঁর নৈতিক অবস্থান হারিয়েছেন। একই সঙ্গে বোয়ানের আহ্বায়ক হিসেবেও তিনি তাঁর নৈতিক অবস্থান হারিয়েছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যেসব সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন ইমরান এইচ সরকারকে মুখপাত্র বানিয়েছিল, তাদের কেউ এখন গণজাগরণ মঞ্চে আসে না। তাঁর (ইমরান এইচ সরকার) ব্যক্তিগত বক্তব্যকে গণজাগরণ মঞ্চের বক্তব্য হিসেবে চালানো যাবে না।
সংবাদ সম্মেলনের আয়োজকেরা জানান, বোয়ানের ২৫ জন সদস্য এ সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছেন। এ কমিটি বোয়ানের পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ করবে। এই কমিটিতে ইমরান এইচ সরকারকে রাখা হয়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কানিজ আকলিমা সুলতানা, প্রীতম আহমেদ, রাশিদুল হাসান, মোরসালিন মিজান প্রমুখ।