ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেঁকে বসাতেই ২০১১ সালে বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তি হয়নি। মমতার দল তৃণমূল কংগ্রেসের বর্তমান এমপি আহমেদ হাসান ইমরানের মদদেই তিনি চুক্তিতে আপত্তি জানিয়েছিলেন বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বামফ্রন্ট ও কংগ্রেসের দুই নেতা।
সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারির ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় চলছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর পাল্টাপাল্টি অভিযোগ ও আক্রমণের মধ্যে বারবার এসে পড়ছে বাংলাদেশ প্রসঙ্গ।
পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সাংসদ আহমেদ হাসান ইমরানের বিরুদ্ধে অভিযোগ, চিটফান্ডের মাধ্যমে অবৈধভাবে তোলা সারদার অর্থের একটি বড় অংশ তাঁর মাধ্যমে বাংলাদেশে ঢোকে। সেই টাকার কিছু অংশ পৌঁছায় জামায়াতে ইসলামীর নেতাদের হাতে। তাঁরা সে টাকা খরচ করেন দেশে অস্থিরতা সৃষ্টিতে।
গতকাল রোববার পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ইমরানের মদদেই মমতা তিস্তার পানি বণ্টন চুক্তিতে বাধা দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন চেয়ারম্যান বিমান বসু। তিনি বলেছেন, তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের ঠিক আগমুহূর্তে মমতা জানিয়ে দেন, তিনি যেতে পারবেন না। তৃণমূলের সঙ্গে বিদেশি রাজনীতিকদের বাক্যালাপের ভিত্তিতেই তিনি ওই সিদ্ধান্ত নেন।
একই অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। প্রথম আলোর কলকাতা প্রতিনিধি জানান, গত শনিবার মুর্শিদাবাদে অধীর সাংবাদিকদের বলেন, তিস্তা চুক্তি না হওয়ার পেছনে মমতার সঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও জামায়াতের একটা সম্পর্ক ছিল। এ ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেন ইমরান। নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয় ঠেকাতে এবং তিস্তা চুক্তির বিরোধিতা করে খালেদা জিয়ার হাত শক্ত করতে চেয়েছিলেন ইমরান।
ইমরান ভারতের নিষিদ্ধ সংগঠন স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়ার (সিমি) সদস্য ছিলেন বলে অভিযোগ করছে বিজেপি। এর জবাবে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘ইমরান সিমির সদস্য ছিলেন ১৯৮৪ সালে। তখন সিমি নিষিদ্ধ ছিল না।’ এরপর বিজেপিকে খোঁচা দিয়ে তিনি বলেন, ‘আরএসএস তিনবার নিষিদ্ধ হয়েছিল। সেই আরএসএসের সদস্য এখন প্রধানমন্ত্রী।’