ইমরুলকে 'হত্যার' অভিযোগ, বিচার দাবি পরিবারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিলে গত সোমবার ভোরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ইমরুল কায়েসের (৩৪) পরিবার তাঁকে হত্যা করার অভিযোগ তুলে এ ঘটনার বিচার দাবি করেছে।
ইমরুল নড়াইল পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও জামায়াতে ইসলামীর কর্মী ছিলেন। ডিবি পুলিশ দাবি করেছে, তাঁর বিরুদ্ধে নড়াইল সদর থানায় ১৩টি মামলা রয়েছে। আর স্বজনেরা জানান, গত শুক্রবার রাতে রাজধানীর নারিন্দা এলাকার একটি মেস থেকে ডিবি পরিচয়ে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁর লাশ পান তাঁরা।
গত সোমবার রাত একটার দিকে ইমরুলের লাশ নড়াইল পৌরসভার ডুমুরতলা গ্রামের বাড়িতে পৌঁছায়। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে ইমরুলের বাড়িসংলগ্ন পুকুরপাড়ে তাঁর লাশ দাফন করা হয়।
গতকাল সকালে ডুমুরতলা গ্রামে ইমরুলের বাড়িতে যাওয়ার পথে দূর থেকেই ভেসে আসছিল কান্নার শব্দ। পরে বাড়ি গিয়ে দেখা যায়, ঘরের দরজায় বসে কাঁদছেন দুই নারী। তাঁদের একজন চার বছর বয়সী একমাত্র মেয়ে রাত্রিকে কোলে নিয়ে ইমরুলের স্ত্রী জান্নাতুল ফেরদৌস। অন্যজন শাশুড়ি বেগম কামরুন্নাহার। আশপাশে শোকাহত আত্মীয়স্বজন ও প্রতিবেশী।
জান্নাতুল ফেরদৌস বলেন, ‘গত চার-পাঁচ দিন স্বামী ইমরুলের সঙ্গে তাঁর কোনো কথা হয়নি। শনিবার দুপুরে স্বামীর মুঠোফোন থেকে একজন তাঁর ফোনে মিসড কল দেন। ব্যাক করলে পুরুষ কণ্ঠে আমার পরিচয় জানতে চাওয়া হয়। তখন বলা হয়, আপনার স্বামীর সঙ্গে আর কোনো দিন দেখা ও কথা হবে না।’ জান্নাতুল বলেন, ‘শুনেছি শুক্রবার গভীর রাতে আমার স্বামীকে রাজধানী ঢাকার ডিবি পুলিশ আটক করে।’
জান্নাতুল বলেন, ‘আমার স্বামী একজন নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন। তাঁকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আমি এ হত্যার বিচার চাই।’
ইমরুলের শাশুড়ি কামরুন্নাহার বুক চাপড়ে বলেছিলেন, ‘আমার ছেলেকে বিনা দোষে মেরে ফেলা হয়েছে। আমি এর বিচার চাই।’