ইমসোর মহাপরিচালক পদে বাংলাদেশের প্রার্থী নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তরাষ্ট্রীয় সংস্থা ইন্টারন্যাশনাল মোবাইল স্যাটেলাইট অর্গানাইজেশনের (ইমসো) মহাপরিচালক পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ক্যাপ্টেন মঈন আহমেদ। গতকাল রোববার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
ক্যাপ্টেন মঈন আহমেদ লন্ডনে অবস্থিত আন্তর্জাতিক নৌসংস্থায় লিয়েনে কর্মরত। বাংলাদেশ সরকার তাঁকে মনোনয়ন দিয়েছিল। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের আওতায় প্রতিষ্ঠিত ইমসোর ৯৯টি সদস্যরাষ্ট্রের মধ্যে বাংলাদেশসহ পাঁচটি দেশ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। চূড়ান্ত পর্বে বাংলাদেশের প্রতিনিধি ৪৯ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী রুমানিয়ার প্রতিনিধি পান ৩৭ ভোট। ইমসোর মহাপরিচালক পদের মেয়াদ চার বছর। ২০১৫ সালের ১৫ এপ্রিল থেকে এ মেয়াদ শুরু হবে। ১৯৭৭ সালে ইমসোর যাত্রা শুরু হয়। ৩২ বছর ধরে ইউরোপীয় প্রতিনিধিরাই এর মহাপরিচালক পদে ছিলেন।
সংবাদ সম্মেলনে নৌ মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদি, সমুদ্র অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জাকিউর রহমান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলামসহ মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।