ইমসোর মহাপরিচালক পদে বাংলাদেশের প্রার্থী নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তঃরাষ্ট্রীয় সংস্থা ইন্টারন্যাশনাল মোবাইল স্যাটেলাইট অর্গানাইজেশনের (ইমসো) মহাপরিচালক পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ক্যাপ্টেন মঈন আহমেদ। আজ রোববার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

ক্যাপ্টেন মঈন আহমেদ লন্ডনে অবস্থিত আন্তর্জাতিক নৌসংস্থার লিয়েনের শাখায় কর্মরত। বাংলাদেশ সরকার তাঁকে মনোনীত করেছে।

ইমসোর ৯৯টি সদস্যরাষ্ট্রের মধ্যে বাংলাদেশসহ পাঁচটি দেশ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে। চূড়ান্ত পর্বে বাংলাদেশের প্রতিনিধি ৪৯ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রুমানিয়ার প্রতিনিধি। তাঁর প্রাপ্ত ভোট ৩৭। ইমসোর মহাপরিচালক পদের মেয়াদ চার বছর। ২০১৫ সালের ১৫ এপ্রিল থেকে এই মেয়াদ শুরু হবে। ১৯৭৭ সালে ইমসোর যাত্রা শুরু হয়। ৩২ বছর ধরে ইউরোপীয় প্রতিনিধিরাই এর মহাপরিচালক পদে ছিলেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরীণ নৌপরিবহন ব্যবস্থায় এখনো পুরোপুরি শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়নি। উত্তরাধিকার সূত্রে যেসব সমস্যা পাওয়া গেছে, সেগুলো সমাধানের চেষ্টা চলছে। দৃষ্টান্ত হিসেবে তিনি বলেন, ‘এখন আমরা চারজন সার্ভেয়ার নিয়ে চলছি। এর পরিবর্তে ২১ জন সার্ভেয়ার নিয়োগ করার প্রস্তাব দেওয়া হয়েছে।’

সংবাদ সম্মেলনে নৌ মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদি, সমুদ্র অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জাকিউর রহমান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলামসহ মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।