
১৯৯৯ সালের ২৫ মার্চ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দপ্তরের ছাদে বসানো পানির ট্যাংক থেকে জালালউদ্দীন নামে এক সোর্সের গলিত লাশ উদ্ধার হয়। এরপর তদন্ত শেষে ডিবির তিন সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়। বিচার শুরু হয়। ২০০৩ সালের ৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষের ২০তম সাক্ষী ইমান আলী আংশিক সাক্ষ্য দিয়ে আর কখনোই আদালতে যাননি। সেই ইমান আলী অজুহাতে তখন থেকেই মামলার কার্যক্রম আটকে আছে।
জালালের লাশ উদ্ধার সেই সময়ের খুবই আলোচিত ঘটনা। কিন্তু ১৫ বছর হতে চললেও এই মামলার বিচার শেষ হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, আসামিরা পুলিশের কর্মকর্তা ও সদস্য হওয়ায় কৌশলে মামলাটির বিচার আটকে রাখা হয়েছে। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এখনো ‘বিচারাধীন’ রয়ে গেছে আলোচিত এই মামলা।
জানতে চাইলে রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) মাকছুদুর রহমান প্রথম আলোকে বলেন, ইমান আলী নামের একজন সাক্ষী ২০০৩ সালে চারদলীয় জোট সরকারের আমলে একবার সাক্ষ্য দিতে এসেছিলেন। ওই দিন সাক্ষী অসুস্থ হয়ে পড়ায় তাঁর সাক্ষ্য নেওয়া হয়নি। এরপর আর তাঁকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানাও জারি করা হয়েছে।
আসামিপক্ষের একজন আইনজীবী শেখ বাহারুল ইসলাম বলেন, সাক্ষী ইমান আলী মামলার তদন্ত কর্মকর্তা মুন্সি আতিকুর রহমানের ‘সোর্স’ ছিলেন। সাক্ষ্য দেওয়ার সময় ইমান আলী এ কথা প্রকাশ করলে রাষ্ট্রপক্ষ অসুস্থতার অজুহাত তুলে ওই দিন সাক্ষ্য মুলতবির আবেদন করেন। এক আবেদনেই এক যুগ পার হতে চলেছে।
নথি থেকে: জালালউদ্দীন ছিলেন ডিবির পরিদর্শক জিয়াউল আহসানের সোর্স ও মাইক্রোবাসের চালক। ১৯৯৯ সালের ১৯ মার্চ মোহাম্মদপুরের বাসা থেকে শেষবার বের হয়েছিলেন। এরপর ২৫ মার্চ ডিবির ছাদ থেকে জালালের গলিত লাশ উদ্ধার করা হয়। ৩১ মার্চ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির কাছে ছবি দেখে জালালের পরিবার লাশ শনাক্ত করে। লাশ উদ্ধারের পর রমনা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এস এম আলী আজম একটি মামলা করেছিলেন। এরপর নিহত জালালের ছেলে আব্বাস উদ্দিন ৪ এপ্রিল আরেকটি মামলা করেন।
তদন্ত শেষে ডিবির পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। আসামিরা হলেন ডিবির পরিদর্শক মো. জিয়াউল আহসান, হাবিলদার মো. বিল্লাল, কনস্টেবল আবদুর রউফ এবং আনোয়ার হোসেন ও আবদুল মালেক। প্রথম তিন আসামি জামিনে আছেন। আনোয়ার মারা গেছেন। মালেক প্রথম থেকেই পলাতক।
২০০৩ সালে আংশিক জবানবন্দি দিয়ে সাক্ষী ইমান আলী আর কখনো আদালতে হাজির হননি। তাঁকে ও অন্য সাক্ষীদের হাজির হতে বারবার সমন জারি হলেও ফল হয়নি। এরপর ইমান আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও সাক্ষীদের হাজির করা যায়নি।
মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, ঢাকার বিভিন্ন এলাকায় স্বর্ণ ও মাদক পাচারের তথ্য পাওয়ার জন্য জালালকে সোর্স হিসেবে ব্যবহার করতেন পরিদর্শক জিয়াউল আহসান। এ মামলার অভিযুক্ত ব্যক্তিরা জালালের তথ্যের ভিত্তিতে চোরাকারবারিদের আটক করে চোরাচালানের পণ্য বিধিসম্মতভাবে উদ্ধার না দেখিয়ে নিজেদের মধ্যে ভাগ করে নিতেন। কিন্তু জালালকে কয়েকবার এর ভাগ দেওয়া হয়নি। সেই ক্ষোভে জালাল ১৯৯৯ সালের ১৩ মার্চ একটি স্বর্ণ চালানের তথ্য ডিবির অন্য একটি দলকে দিয়ে দিলে ক্ষুব্ধ হন জিয়াউল। ১৯ মার্চ রাতে অন্য আসামিদের মাধ্যমে জালালকে বাসা থেকে ডেকে নিয়ে খুন করা হয়। পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার পর ২০০১ সালের মাঝামাঝি সময়ে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ৪৫ জনের মধ্যে ১৯ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়। সর্বশেষ ২০০২ সালের ১৮ সেপ্টেম্বর ১৯তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়। ২০০৩ সালের ৪ ফেব্রুয়ারি ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে রিকশাচালক ইমান আলী আদালতে আংশিক সাক্ষ্য দেন। এর পর থেকেই তাঁর আর কোনো খোঁজ নেই।
বহু ঘটনায় জড়ানো জালাল হত্যা মামলা: এই মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, এই মামলা তদন্ত করেছেন সিআইডির বিশেষ সুপার মুন্সী আতিকুর রহমান। তদন্তে অবহেলার অভিযোগে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তাঁকে আসামি করা হয়। তিনি বর্তমানে কারাগারে। মামলা পরিচালনায় গাফিলতির অভিযোগও ওঠে মহানগর দায়রা জজ আদালতের তৎকালীন রাষ্ট্রপক্ষের কৌঁসলি (পিপি) কামরুল ইসলামের বিরুদ্ধে (বর্তমানে খাদ্যমন্ত্রী)। এ অভিযোগে কামরুল ইসলামকে মামলা থেকে অব্যাহতি দেন হাইকোর্ট। ২০০১ সালের ২৮ জানুয়ারি বিচারপতি আলী আসগর খান ও বিচারপতি এস কে সিনহার সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক স্বতঃপ্রণোদিত আদেশে পিপি পরিবর্তন এবং মামলাটির দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন। সেই নির্দেশেও কিছু হয়নি।