ইমান আলীর বেইমানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ পৌরসভার শাহাপুর গ্রামের বৃদ্ধা পদ্মা কুণ্ডুর (৭৫) নামে তাঁর ঘরের পাশে তিন শতাংশ জমি রয়েছে। গত পাঁচ বছর তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে শয্যাশায়ী। শত অভাব-অনটন ও অসুখ-বিসুখেও তিনি ওই জমি বিক্রি করেননি। এরই মধ্যে ওই জমির ওপর লোলুপ দৃষ্টি পড়ে পাশের বাড়ির সার ও কীটনাশক ব্যবসায়ী ইমান আলীর (৪০)। গত ১৬ আগস্ট অজ্ঞাত এক নারীকে পদ্মা কুণ্ডু সাজিয়ে সাবরেজিস্ট্রার কার্যালয়ে নিয়ে ওই তিন শতাংশ জমি নিজ নামে দলিল করে নেন। খবরটি জানাজানি হলে বৃদ্ধার সাহায্যে প্রতিবেশীরা এগিয়ে আসেন। গত সোমবার রাতে এ নিয়ে বসে গ্রাম্য সালিস। সালিসে বৃদ্ধার জমি জাল দলিল করে নেওয়ার কথা স্বীকার করে উপস্থিত সবার কাছে ক্ষমা চান ব্যবসায়ী ইমান আলী। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ইমান আলী গত মঙ্গলবার বিকেলে সাবরেজিস্ট্রার কার্যালয়ে উপস্থিত হয়ে জাল দলিল করে নেওয়া ওই তিন শতক জমি নিজ খরচে বৃদ্ধার নামে দলিল করে দেন। এ সময় অসুস্থ পদ্মা কুণ্ডুকে রিকশাভ্যানে করে সাবরেজিস্ট্রারের সামনে হাজির করা হয়।জমি ফেরত পেয়ে ডুকরে কেঁদে ওঠেন পদ্মা কুণ্ডু। তিনি প্রথম আলোকে বলেন, ‘বাবু শয়তানেরা জমি ফেরত দিল। আমি কখনো কাউকে জমি লিখে দেইনি।’ বৃদ্ধার ভাতিজা সাবেক পৌর কাউন্সিলর মুকুল সাহা জানান, ওই তিন শতাংশ জমির দাম বর্তমান বাজারে তিন-চার লাখ টাকা। এই জমিটুকুই তাঁর শেষ সম্বল। ব্যবসায়ী ইমান আলী লোভ সামলাতে না পেরে এ জমি জাল জলিল করে নিয়েছিলেন। এর আগেও এলাকার কয়েকজনের জমি ওই ব্যবসায়ী একই কায়দায় দলিল করে নিয়েছেন বলে মুকুল সাহা অভিযোগ করেন।জানতে চাইলে ব্যবসায়ী ইমান আলী প্রথম আলোকে বলেন, ‘আমার ভুল হয়েছে। আমাকে ক্ষমা করবেন।’