ইমাম ও আলেমদের নিয়ে জঙ্গিবাদ ঠেকানো হবে
দেশের এক লাখ মসজিদের ইমাম ও আলেমদের সাহায্য নিয়ে জঙ্গিবাদ ঠেকাবে পুলিশ। আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে দেশের শীর্ষ আলেমদের সঙ্গে পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়।
‘ইসলামের দৃষ্টিতে জঙ্গিবাদ: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এ মতবিনিময় সভায় পুলিশের আইজি এ কে এম শহীদুল হক সভাপতিত্ব করেন। পুলিশ সদর দপ্তরের এআইজি মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় ওই সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত আইজিপি (এসবি) জাবেদ পাটোয়ারী, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোখলেসুর রহমান ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া অংশ নেন।
সভা শেষে পুলিশ সদর দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশের এক লাখ মসজিদের ইমাম ও ওলামা-মাশায়েখ একযোগে ফতোয়া দেবেন যে, জঙ্গিবাদ ইসলাম ধর্ম পরিপন্থী। জঙ্গিরা পথভ্রষ্ট। তাদের মদদদাতারা বিদেশি, বিধর্মী এবং ইসলাম ধর্মের প্রকাশ্য শত্রু। ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই।’
সভায় আইজিপি শহীদুল হক বলেন, ‘আমরা আপনাদের নিয়ে দেশ থেকে জঙ্গিবাদের মূলোৎপাটন করতে সক্ষম হব। মতাদর্শের পার্থক্যের কারণে একজন মুসলমান আরেকজন মুসলমানকে নাস্তিক, মুরতাদ আখ্যা দিয়ে হত্যা করতে পারে না, গুলি-বোমা মারতে পারে না।’
তিনি বলেন, এ দেশে একসময় চরমপন্থী, সর্বহারা, নকশাল আন্দোলন হয়েছিল। বহু তরুণের মগজ ধোলাই হয়েছিল, অনেককে হত্যা করা হয়েছিল। তারা কিন্তু সফল হয়নি। এখন জঙ্গিবাদের হাত থেকে তরুণদের বাঁচাতে পারেন আলেম-ওলামারাই। যারা এর মধ্যে বিপথগামী হয়েছে, তাদের বিভ্রান্তি দূর করতে পারেন তাঁরাই। ইসলামের প্রকৃত মর্মবাণী তুলে ধরে প্ররোচনা দানকারীদের ঠেকাতে পারেন তাঁরাই।
ব্লগার হত্যা প্রসঙ্গে আইজিপি বলেন, ‘কোনো ব্যক্তি কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। এ জন্য কাউকে হত্যা করা উচিত নয়।’
সভায় কিশোরগঞ্জের শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ বলেন, এখন চুপ করে বসে থাকার সময় নেই। জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলা ইমানি দায়িত্ব, নিজেদের আত্মরক্ষার জন্যও এটা প্রয়োজন। তিনি বলেন, ওলামা-মাশায়েখদের বয়ান ও ওয়াজ মাহফিলে জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলতে হবে।