ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষ পুলিশের গুলি, লাঠিপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার এলাকায় চরটেপার কুটি ঈদগাহে জামাতের ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ ২৭ জন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি গুলি ছোড়ে ।সকালে ঈদের জামাতে ইমাম নিয়োগ নিয়ে মণ্ডল পক্ষ ও ব্যাপারি পক্ষের মধ্যে বচসা হয়। পরে নামাজ শুরু হলে উভয় পক্ষে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কচাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনটি গুলি ছোড়ে। সংঘর্ষে পুলিশের দুই সদস্যসহ উভয় পক্ষের ২৭ জন আহত হন। তাঁদের কুড়িগ্রাম সদর হাসপাতাল, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।কচাকাটা থানার উপপরিদর্শক (এসআই) স্বপন জানান, কচাকাটার চরটেপার কুটি দাখিল মাদ্রাসায় সকাল নয়টায় স্থানীয় মণ্ডল পক্ষ ও ব্যাপারি পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ঈদগাহে কে ইমামতি করবেন, এ নিয়ে বিরোধের জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে তাঁর নেতৃত্বে চার পুলিশ ঘটনাস্থলে গেলে জনতা এসআই স্বপনসহ পুলিশ কনস্টেবল সুভন (২৮), সঞ্জিত (২৯) ও লিটনকে (২৯) মারধর করে দুটি মোটরসাইকেল ও মুঠোফোন ছিনিয়ে নেয় এবং তাঁদের আটকে রাখে। তিনি জানান, পরে ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েকটি গুলি ছুড়লে বাদশা, হাবিব ও আনিছুর নামের তিন ব্যক্তি গুলিবিদ্ধ হন। এ সময় পুলিশ লাঠিপেটা করলে ২০ জন আহত হন। গুলিবিদ্ধ তিনজনকে কুড়িগ্রাম হাসপাতালে এবং তিন পুলিশকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর লাঠিপেটায় আহত ব্যক্তিদের নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশ সুপার মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওই এলাকায় শৃঙ্খলা রক্ষায় নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও কচাকাটা থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আফজাল জানান, চরটেপার কুটি গ্রামের দুই পক্ষের মধ্যকার বিরোধ মীমাংসা হয়ে যাওয়ায় থানায় কোনো মামলা হয়নি।