ইমাম-মুয়াজ্জিন পরিষদ ও জাকের পার্টির সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে পৃথকভাবে ঈদের নামাজ আদায় নিয়ে জাকের পার্টি এবং স্থানীয় ইমাম-মুয়াজ্জিন পরিষদের নেতা-কর্মীদের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। শহরের ষোলঘর এলাকার কাজীর পয়েন্টে ঈদের আগের দিন রোববার রাতে এই সংঘর্ষ হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, আটরশির পীরের ভক্ত জাকের পার্টির সদস্যরা সুনামগঞ্জে পৃথকভাবে ঈদুল ফিতর উদ্যাপন ও ঈদের নামাজ আদায় করার জন্য শহরের ষোলঘর এলাকায় একটি কমিউনিটি সেন্টার ভাড়া নেন। রোববার দিনভর জেলার বিভিন্ন এলাকা থেকে ওই দলের কর্মীরা এসে সেখানে জড়ো হন। বিষয়টি জানতে পেরে স্থানীয় ইমাম-মুয়াজ্জিন পরিষদ পৃথকভাবে নামাজ আদায়কে ‘ইসলামি শরিয়াহ পরিপন্থী’ আখ্যা দিয়ে তাঁদের বিরুদ্ধে অবস্থান নেয়। ইমাম-মুয়াজ্জিন পরিষদের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক জানান, এ নিয়ে ইমাম-মুয়াজ্জিন পরিষদের একটি প্রতিনিধিদল রাত সাড়ে নয়টার দিকে জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে দেখা করতে চায়। কিন্তু ডিসি দেখা করেননি। এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে সেখানে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে কাজীর পয়েন্ট এলাকা দিয়ে সব ধরনের যানবাহন চলাচল এবং দোকানপাট বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা জাকের পার্টির তোরণ, প্যান্ডেল ও কমিউনিটি সেন্টারে ব্যাপক ভাঙচুর চালান। একটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়। সংঘর্ষে ইটপাটকেলের আঘাতে কমপক্ষে ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যরা প্রাথমিক চিকিত্সা নেন। রাত সাড়ে ১১টায় পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, এ ঘটনায় জাকের পার্টির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। মামলায় শহরের কয়েকজন ইমামকে আসামি করা হয়েছে।