ইমাম হোসেনের মৃত্যুর ঘটনায় রহস্য
চাঁদপুরের হাজীগঞ্জে ইমাম হোসেনের মৃত্যুর ঘটনা নিয়ে নানামুখী গুঞ্জন শুরু হয়েছে। স্থানীয় লোকজনের অনেকেই মনে করছেন, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আবার কেউ কেউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলেও প্রচার করছেন। তবে তাঁর বসবাসের বাড়ি পশ্চিমবাজারের ‘ইমাম মঞ্জিল’ নিয়ে সম্প্রতি বিরোধের সৃষ্টি হয়।ইমাম হোসেনের (৬৫) মৃত্যুতে তাঁর মেয়ে শেখ মরিয়ম গত বৃহস্পতিবার হাজীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। এর পরিপ্রেক্ষিতে জেলা সিভিল সার্জন আ. ছাত্তার মিয়া একটি মেডিকেল বোর্ড গঠন করেন। বোর্ড গতকাল শুক্রবার ইমাম হোসেনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করেছে।ইমাম হোসেনের গ্রামের বাড়ি উপজেলার গন্ধর্ব্যপুর (উ.) ইউনিয়নের তারালিয়া গ্রামে। রাজধানী ঢাকার মেরুল বাড্ডা এলাকায় বসবাসরত মেয়ে শেখ মরিয়ম ওই মামলায় উল্লেখ করেন, পারিবারিক কারণে তাঁর বাবার সঙ্গে তাঁদের দীর্ঘদিন যোগাযোগ ছিল না। হাজীগঞ্জের সুদিয়া গ্রামের মৃত রঞ্জন আলীর ছেলে কবির হোসেন ইমাম হোসেনকে ও বাড়িটি দেখাশোনা করতেন। বুধবার রাত ১১টার দিকে কবির একটি মাইক্রোবাসযোগে ইমাম হোসেনের লাশ ঢাকা থেকে ইমাম মঞ্জিলে এনে রেখে যান। পরে কবির এলাকায় প্রচার করেন, তিনি চিকিৎসাধীন অবস্থায় বুধবার ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। ইমাম হোসেন কয়েক মাস ঢাকায় অবস্থান করছিলেন।শেখ মরিয়ম বলেন, তাঁর বাবার চিকিৎসা ও মৃত্যুসংশ্লিষ্ট কাগজপত্র দেখতে চাইলে কবির কচুয়া উপজেলার এনামুল হক নামের এক ব্যক্তির মৃত্যুর কাগজপত্র দেখান। এতে তাঁর বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তাঁদের সন্দেহ হয়।মামলার তদন্ত কর্মকর্তা ও হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাইফুদ দৌলাহ বলেন, ‘কবিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁকে গ্রেপ্তার করা গেলে ইমাম হোসেনের মৃত্যুরহস্য উন্মোচিত হবে।’