ইমামকে জুমার নামাজ থেকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা নাজির মাহমুদকে আগামী জুমার নামাজ থেকে প্রত্যাহার করা হয়েছে। গত শুক্রবার জুমার নামাজে কোরআন পড়া নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ার কারণে গতকাল রোববার কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।গত শুক্রবার জুমার নামাজ শুরুর আগে মুসল্লিদের উদ্দেশে ‘বাংলায় কোরআন পড়া হারাম’ বলে বক্তব্য দেন ইমাম। তাঁর এ মন্তব্য নিয়ে শোরগোল শুরু হয়। মুসল্লিরা নাজির মাহমুদের ইমামতিতে নামাজ পড়তে অসম্মতি জানান। এ সময় উপাচার্য ইমামকে তাঁর বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান। পরে ইমাম তাঁর বক্তব্য প্রত্যাহার করে নেন।বিশ্ববিদ্যালয়ের মসজিদ পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মীজানুর রহমান প্রথম আলোকে জানান, নাজির মাহমুদ আগামী শুক্রবার থেকে জুমার নামাজ পড়াতে পারবেন না। সাত দিনের মধ্যে তিনি ঘটনা সম্পর্কে কর্তৃপক্ষের কাছে লিখিত ব্যাখ্যা দেবেন। ব্যাখ্যা দেওয়ার পর তাঁর বিষয়ে সিন্ডিকেট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তিনি জানান, অবসরপ্রাপ্ত ইমাম মাওলানা শাহে আলম জুমার নামাজ পড়াবেন।