ইমামকে হুমকিদাতা ফারাবি ফের রিমান্ডে
ব্লগার আহমেদ রাজীব হায়দারের জানাজা পরিচালনাকারী ইমামকে ফেসবুক ও ব্লগের মাধ্যমে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ফারাবি শফিউর রহমানকে আরও দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম মো. মনিরুজ্জামান এ আদেশ দেন।ডিবি পুলিশ পরিদর্শক মাইনুল ইসলাম গতকাল ফারাবিকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে আরও সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। এ আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৬ ফেব্রুয়ারি ফারাবিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। দুর্বৃত্তদের হাতে নিহত ব্লগার আহমেদ রাজীব হায়দারের জানাজা পরিচালনাকারী ইমামকে ফেসবুক ও ব্লগের মাধ্যমে হত্যার হুমকি দেওয়ার কথা তিনি পুলিশের কাছে স্বীকার করেছেন। ফারাবি নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এবং একই বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার চতুর্থ বর্ষের ছাত্র। তাঁকে গত ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকার একটি মেস থেকে গ্রেপ্তার করে পুলিশ।