ইমামবাড়া পরিদর্শনে সৈয়দ আশরাফ
শিয়া সম্প্রদায়ের মহররম মাসের কর্মসূচি দেখতে হোসেনি দালান ইমামবাড়া পরিদর্শন করেন স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে সৈয়দ আশরাফ সেখানে যান এবং ইমামবাড়ায় মোনাজাতে অংশ নেন। পরে তিনি হোসেনি দালান ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, স্থানীয় সাংসদ হাজি মোহাম্মদ সেলিম, হোসেনি দালান ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মীর্জা আলী বেহরুজ ইস্পাহানী প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, তাঁর জন্ম ইমামবাড়ার অদূরে। এখানে তিনি তাঁর শৈশবের একটা অংশ কাটিয়েছেন এবং ইমামবাড়াতে খেলাধুলা ও তাজিয়া মিছিলে অংশ নিয়েছিলেন। এখানে এসে তিনি স্মৃতিকাতর হয়ে পড়েছেন। ইমামবাড়ার উন্নয়নে তাঁর মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।
গওহর রিজভী বলেন, তিনি আজ হিন্দু ও বৌদ্ধধর্মের দুটি অনুষ্ঠানে অংশ নিয়ে ইমামবাড়ায় এসেছেন। সব ধর্মের মানুষ স্বাচ্ছন্দ্যে ধর্মীয় অনুষ্ঠান পালন করছে। এটা হচ্ছে আসল বাংলাদেশ। এর জন্যই মুক্তিযুদ্ধ হয়েছিল।
পুরান ঢাকার চানখাঁরপুল এলাকায় হোসেনি দালান ইমামবাড়া অবস্থিত। এটি মহানবী (সা.)-এর দৌহিত্র ইমাম হোসাইনের কারবালা প্রান্তরে শাহাদতবরণের স্মরণে নির্মিত। মহররম মাস উপলক্ষে সেখানে ধর্মীয় নানা আচার পালন করছে শিয়া সম্প্রদায়ের লোকজন। ১০ মহররম সেখান থেকে তাজিয়া মিছিল বের করা হয়।