ইমামবাড়ায় কঠোর নিরাপত্তা, কিছু আনুষ্ঠানিকতাও বাদ পড়ছে

হোসেনি দালান ইমামবাড়া প্রাঙ্গণে চক্রাকারে দাঁড়িয়ে কালো পোশাক গায়ে একদল পুরুষ বুক চাপড়ে মাতম করছেন। দলটি ঘিরে ছড়িয়ে-ছিটিয়ে দাঁড়িয়ে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গত রোববার মাতমকারী ব্যক্তিরা বললেন, ৭ মহররমের এই আয়োজন আগে হোসেনি দালানের বাইরের রাস্তায় হতো। এবার নিরাপত্তার কারণে দালানের ভেতরেই এই আচার পালন করছেন তাঁরা।
কাল বুধবার পবিত্র আশুরা। এ বছর কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে হোসেনি দালান ইমামবাড়ার ঐতিহ্যবাহী তাজিয়া তিন দিনের মিছিল। দালান প্রাঙ্গণে বেড়েছে নজরদারি। নিরাপত্তার খাতিরে মহররমের মেলা, মধ্যরাতের মিছিলসহ বাদ পড়েছে নানা আয়োজন।
গত রোববার গিয়ে দেখা যায়, চানখাঁরপুলের মীর ইয়াকুব ইমামবাড়ার সামনে সড়কে প্রতিবন্ধক। হোসেনি দালান রোডগামী সব যানবাহনকে এখান থেকেই আটকে দিচ্ছে পুলিশ। এলাকাবাসী ও জিয়ারতিরা পায়ে হেঁটে যাচ্ছেন। বকশীবাজার থেকে যাওয়ার পথেও দালানের সামনে যান চলাচল বন্ধ। পুরো সড়কেই কিছু দূর পরপর পুলিশের প্রহরা।
হোসেনি দালানের প্রবেশমুখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পর্যবেক্ষণ টাওয়ার বসেছে। মূল ফটক দিয়ে ঢুকে দেখা যায়, পুরো প্রাঙ্গণে হোসেনি দালান কর্তৃপক্ষ ও ডিএমপির অনেকগুলো ব্যানার ঝুলছে। কোনোটায় ব্যাগ বা বাক্স নিয়ে ইমামবাড়া এলাকায় না ঢোকার অনুরোধ, কোনোটায় বা তাজিয়া মিছিলে ধাতব বস্তু না আনার নির্দেশ। মূল ফটক পেরিয়ে ইমামবাড়া প্রাঙ্গণে যেতে নারী-পুরুষদের আলাদা আর্চওয়ে পার হতে হচ্ছে। শরীর তল্লাশি করে ভেতরে ঢোকানো হচ্ছে প্রত্যেককে। ভেতরে যাওয়া আর দালান থেকে বের হয়ে আসার জন্য একমুখী পথ তৈরি করা হয়েছে।
হোসেনি দালান ইমামবাড়ার তত্ত্বাবধায়ক এম এম ফিরোজ হোসাইন বললেন, গত বছরের বোমা হামলার কথা মাথায় রেখেই এ বছর বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বোমা হামলার পরপরই হোসেনি দালান প্রাঙ্গণে ১৬টি ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো হয়। এবার আশুরা সামনে রেখে আরও ১৬টি ক্যামেরা যোগ করা হয়েছে।
৬ অক্টোবর ডিএমপির পক্ষ থেকে আশুরা ও তাজিয়া মিছিলে পটকা ও আতশবাজি ব্যবহার এবং ছুরি-দা-কাঁচি-বল্লম-তলোয়ার, ঢোল, আগুন খেলা, ব্যাগ ও ১২ ফুটের ওপর নিশান বহনে নিষেধাজ্ঞা জারি করা হয়। আর মিছিলে পাইকদের দৌড়ে যাওয়ারও অনুমতি নেই এবার। তবে এসব নির্দেশনাকে ইতিবাচক হিসেবে দেখছে হোসেনি দালান কর্তৃপক্ষ।
ফিরোজ হোসাইন বলেন, এই নতুন নিয়মের ফলে মিছিলে শৃঙ্খলা বজায় থাকবে। ডিএমপির পরামর্শে আজ ৯ মহররমের রাত দুইটার মিছিলটি সকাল সাড়ে ১০টায় শুরু হবে। রাতে কোনো মিছিল হবে না। এ ছাড়া এই মিছিলসহ আশুরার দিনের প্রধান তাজিয়া মিছিল এবার যাবে শুধু মূল সড়ক ধরে। কোনো গলিতে মিছিল হবে না। ইতিমধ্যে নিরাপত্তা রক্ষায় ১৫০ জন স্বেচ্ছাসেবী কাজ করছেন। মূল মিছিলের সময় আরও দেড় শ থেকে দুই শ স্বেচ্ছাসেবী যোগ দেবেন। নিশান, বেহেশতা, দুলদুল, জরি মোবারক, আলম, নওহা—ঐতিহ্যবাহী এসব উপকরণ থাকবে মিছিলে।
নিরাপত্তার জন্য হোসেনি দালান রোডের মহররমের মেলাও এবার বসতে দেওয়া হয়নি। রাস্তার পাশের কয়েকটি স্থায়ী দোকানে মিঠাই-মন্ডা আর আগরবাতি বিক্রি হচ্ছে। মিঠাই ব্যবসায়ী মো. সেলিম বললেন, ‘প্রতিবছর মহররমেই ইয়াকুব ইমামবাড়ার সামনে থেইকা মেলা বসত। এইবার এক মাস আগে কয়া দিছে রাস্তায় মেলা বসানো যাইব না। তাই দোকানের ভিরতে মাল লইয়া বইছি।’
নিরাপত্তার কড়াকড়িতে সন্তুষ্ট দর্শনার্থীরাও। ইমামবাড়া জিয়ারতে এসেছেন রসুলবাগের প্রবীণ বাসিন্দা মইনুদ্দিন। ৫২ বছর ধরে তাজিয়া মিছিলে যোগ দিচ্ছেন তিনি। তিনি বললেন, ‘এইবারের পরিবেশ খুব ভালো। কোনো গ্যাঞ্জাম নাই। এই ব্যবস্থায় আমরা খুশি।’