ইমামের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দংয়ের আশরাফাবাদ দরবার শরিফের মসজিদের ইমাম মোহাম্মদ শাহ আলম নঈমীকে (৬০) ছুরিকাঘাতের ঘটনায় মামলা হয়েছে।
মোহাম্মদ শাহ আলম নঈমীর প্রতিষ্ঠিত সীতাকুণ্ড নঈমীয়া হাফেজিয়া মাদ্রাসার সুপার হাফেজ দিদারুল আলম গত মঙ্গলবার রাতে ফটিকছড়ি থানায় এই মামলা করেন। এতে একমাত্র আসামি করা হয়েছে হামলার ঘটনায় গ্রেপ্তার সালাহ উদ্দিনকে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ইউসুফ মিয়া মামলার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
গত সোমবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়া অবস্থায় শাহ আলম নঈমীর পিঠে ছুরিকাঘাত করা হয়। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই হামলার ঘটনায় সালাহ উদ্দিন নামের এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। তিনিও একই হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন।